ঢাকা সংবাদপত্র হকার্স বহুমুখী সমবায় সমিতি

অন্তর্বর্তী কার্যক্রম পরিচালনা করবে নোয়াব

ফন্ট সাইজ:

ঢাকা সংবাদপত্র হকার্স বহুমুখী সমবায় সমিতি লিমিটেডের সুষ্ঠু পরিবেশ ফিরিয়ে আনা এবং নতুন নির্বাচন অনুষ্ঠিত না হওয়া পর্যন্ত সমিতির সব কার্যক্রম নিউজপেপার ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (নোয়াব)-এর তত্ত্বাবধানে পরিচালনার সিদ্ধান্ত নেয়া হয়েছে। গত ৯ই আগস্ট বাংলাদেশ নিউজপেপার সার্কুলেশন ম্যানেজার্স অ্যাসোসিয়েশনের সভাপতি ও সাধারণ সম্পাদককে নোয়াবের সভাপতি মতিউর রহমান চৌধুরী স্বাক্ষরিত পাঠানো চিঠিতে এই সিদ্ধান্তের কথা জানানো হয়েছে। এর অনুলিপি জাতীয় দৈনিক পত্রিকাগুলোর সম্পাদকদের কাছেও পাঠানো হয়েছে।

এদিকে গত ১২ই আগস্ট বাংলাদেশ নিউজপেপার সার্কুলেশন ম্যানেজার্স অ্যাসোসিয়েশন সভাপতি আবু মাসুদ বুলবুল ও সাধারণ সম্পাদক বিল্লাল হোসেন মন্টু স্বাক্ষরিত সমবায় অধিদপ্তরের রেজিস্ট্রার ও মহাপরিচালক বরাবর এক চিঠিতেও নোয়াবের তত্ত্বাবধানে সংবাদপত্র সরবরাহের বিষয়টি অবগত করেছেন।
৯ই আগস্টের নোয়াবের চিঠিতে বলা হয়, ২০২৪ সালের ৫ই আগস্টের পর থেকে সমিতিতে একাধিক অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে। এর ধারাবাহিকতায় গত ৩১শে জুলাই সমিতিতে সংঘর্ষ ও গোলাগুলির ঘটনায় তিনজন সহকর্মী গুরুতর আহত হন।

এ ঘটনায় উদ্বেগ প্রকাশ করে চিঠিতে বলা হয়, উদ্ভূত পরিস্থিতিতে নোয়াবের নির্দেশনা অনুযায়ী ঢাকায় পত্রিকা সরবরাহ ও বিল আদায় কার্যক্রম স্বাভাবিক রাখতে বাংলাদেশ নিউজপেপার সার্কুলেশন ম্যানেজার্স অ্যাসোসিয়েশন প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছে।
সিদ্ধান্ত অনুযায়ী, পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত সমিতির সব কার্যক্রম নোয়াবের তত্ত্বাবধানে সমকাল প্রেস থেকে বাংলাদেশ নিউজপেপার সার্কুলেশন ম্যানেজার্স অ্যাসোসিয়েশন পরিচালনা করবে।

এ ছাড়া সমবায় মন্ত্রণালয়, আইন মন্ত্রণালয় ও তথ্য মন্ত্রণালয়ের সঙ্গে নোয়াবের পক্ষ থেকে আলোচনা করে প্রয়োজনীয় প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা হবে। চিঠিতে আরও বলা হয়, গত ১লা আগস্ট থেকে প্রতিদিনের পত্রিকার বিল ও বকেয়া, অবিক্রীত পত্রিকা আনা-নেয়ার খরচ এবং বর্তমানে কাজে নিয়োজিত কর্মীদের বেতন-ভাতা দৈনিক লভ্যাংশ থেকে প্রদান করা যাবে। এরপর অবশিষ্ট লভ্যাংশ ব্যাংকে সংরক্ষণ করতে হবে। পরবর্তী সময়ে নতুন নির্বাচিত কমিটির কাছে ওই অর্থ হস্তান্তর করা হবে। একই সঙ্গে দৈনিক আর্থিক লেনদেনের হিসাব যথাযথভাবে সংরক্ষণ এবং মাসিক হিসাব বিবরণী নোয়াবের মাধ্যমে অনুমোদন করিয়ে নেয়ার নির্দেশনাও দেয়া হয়েছে। চিঠিতে সতর্ক করে বলা হয়েছে, কেউ পত্রিকা সরবরাহে বিঘ্ন সৃষ্টি করলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

একই সঙ্গে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান যথাসময়ে পত্রিকার বিল পরিশোধ না করলে তার পরিবর্তে বিকল্প স্থানে পত্রিকা সরবরাহের ব্যবস্থা করতে বলা হয়েছে।