ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নোয়াখালী-৬ আসনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মনোনীত আবদুল হান্নান মাসউদের সংসদ সদস্য পদ শূন্য ঘোষণা চেয়ে হাইকোর্টে রিট করা হয়েছে। বিচারপতি রাজিক আল জলিল ও বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীর দ্বৈত হাইকোর্ট বেঞ্চে এ রিটের শুনানি হবে। নির্বাচনী হলফনামায় জালিয়াতির অভিযোগ এনে নোয়াখালীর হাতিয়ার বাসিন্দা নাজমুল হোসেন এই রিট করেন। রিটটি আগামী রোববার শুনানি হতে পারে বলে জানিয়েছেন রিটকারীর আইনজীবী ইব্রাহিম খলিল।
এ বিষয়ে আইনজীবী ইব্রাহিম খলিল বলেন, হান্নান মাসউদ একজন ছাত্র ছিলেন পরবর্তীতে সমন্বয়ক ও এমপি নির্বাচিত হন। নির্বাচনের সময় তার দাখিল করা হলফনামায় অনেক গরমিল রয়েছে। তার সম্পদের তথ্য, ৬ লাখ টাকা ব্যবসায়ে বিনিয়োগ, স্বর্ণসহ মোট ১ কোটি টাকার সম্পদের হিসাব দেখিয়েছেন। কিন্তু এগুলো এলোমেলো তথ্য। আবার একজন ছাত্রের ১ কোটি টাকার সম্পদের ব্যাপারটিও প্রশ্নবিদ্ধ। কিন্তু উনি হলফনামা সম্পর্কে অবগত না হয়ে স্বাক্ষর করে তা নির্বাচন কমিশনে দাখিল করেছেন। এটা তিনি নিজে একটি টিভি চ্যানেলে স্বীকার করেছেন। না জেনে, না বুঝে হলফনামা দাখিল, তথ্য গোপন ও জালিয়াতি পর্যায়ে পড়ে। একারণে রিট করা হয়েছে এবং তার আসনটিকে আমরা শূন্য ঘোষণার দাবি জানিয়েছি। কেন তার সংসদ সদস্য পদ বাতিল ঘোষণা করা হবে না- এ বিষয়ে রুল জারির জন্য আমরা আবেদন করেছি। এ ছাড়া তার সম্পদের ব্যাপারে তদন্ত ও ইলেকশন কমিশনে একটি পিটিশন করেছিলাম- এটির ব্যাপারে ডিরেকশন টু ডিসপোস চেয়েছি।
উল্লেখ্য, গত ১২ই ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নোয়াখালী-৬ আসনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মনোনীত প্রার্থী আবদুল হান্নান মাসউদ শাপলা কলি প্রতীকে ৯১ হাজার ৮৯৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি’র প্রার্থী মোহাম্মদ মাহবুবের রহমান ধানের শীষ প্রতীকে পেয়েছেন ৬৪ হাজার ২১ ভোট।
