এসএসসি পরীক্ষার ফলাফল মনঃপুত না হওয়ায় এ বছর যশোর বোর্ডের খাতা পুনর্মূল্যায়নের জন্য রেকর্ড পরিমাণ ৭৪ হাজার ৭১৭টি আবেদন জমা পড়েছে। সব চেয়ে বেশি আবেদন জমা হয়েছে ১৫ হাজার ৩৪৩টি করে ইংরেজি ১ম ও ২য় পত্রের জন্যে। সব চেয়ে কম ৪টি আবেদন পড়েছে খ্রিস্টান রিলিজিয়ন অ্যান্ড মোরাল এডুকেশনে। যশোর শিক্ষা বোর্ডের তথ্য মতে, এ বছর এসএসসি পরীক্ষায় ১ লাখ ৩২ হাজার ৯৪০ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করে। যার মধ্যে পাস করেছে ৮৮ হাজার ৯৭ জন। গড় পাসের হার ৬৬.২৭ শতাংশ। এই ফলাফল যাদের মনঃপুত হবে না তাদেরকে ৭ দিনের সময় দিয়ে ১৭ই আগস্টের মধ্যে পুনঃনিরীক্ষার জন্য আবেদন করতে পারবে মর্মে বোর্ড কর্তৃপক্ষ নোটিশ দিয়ে জানিয়ে দেন। সূত্র বলছে, এ বছরের এসএসসি পরীক্ষায় শিক্ষার্থীরা ইংরেজি বিষয়ে সব চেয়ে খারাপ ফলাফল করেছে। যার কারণে এবার যশোর বোর্ডে রেকর্ড পরিমাণ ১৫ হাজার ৩৪৩ জন শিক্ষার্থী পরীক্ষার খাতা পুনর্মূল্যায়নের দাবি জানিয়ে আবেদন করেছে। এ ছাড়া গণিতে ৭ হাজার ১৭ জন ও উচ্চতর গণিতে ৩ হাজার ৯ জন আবেদন করেছে।
এ ছাড়া বাংলা ১ম ও ২য় পত্রে ৩ হাজার ৭১৩ জন করে আবেদন করেছে।
এ ছাড়া, রসায়ন, পদার্থবিজ্ঞান ও জীববিজ্ঞানে ৪ হাজার ও ৩ হাজারের অধিক আবেদন জমা পড়েছে। ৪টি আবেদন পড়েছে খ্রিস্টান রিলিজিয়ন অ্যান্ড মোরাল এডুকেশনে।
বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর এস এম হোসেন আলী জানান, আগামী এক মাসের মধ্যে ফলাফল ঘোষণা করার ইচ্ছা আছে, সরকারের নির্দেশনা মেনে সব কাজ করা হবে।
