প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে সরকারি বিদ্যালয়ের পাশাপাশি বেসরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোও সরকারের মনিটরিংয়ের আওতায় আনা হবে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। একইসঙ্গে নিবন্ধন না নিয়ে পরিচালিত দেশের সব কিন্ডারগার্টেন স্কুল ২০২৮ সালের মধ্যে বন্ধ করে দেয়ার কথা জানিয়েছেন তিনি। গতকাল বিকালে চট্টগ্রামের পিটিআই কনফারেন্স হলে ‘প্রাথমিক শিক্ষার রূপান্তর ও কর্মপরিকল্পনা’ বিষয়ক দিনব্যাপী কর্মশালা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন প্রতিমন্ত্রী।
ববি হাজ্জাজ বলেন, প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে সরকার বিভিন্ন পদক্ষেপ নিচ্ছে। এর অংশ হিসেবে বেসরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোর শিক্ষার পরিবেশ, অবকাঠামো ও শিক্ষা কার্যক্রমও সরকারের নজরদারির আওতায় আনা হবে। তিনি বলেন, নিবন্ধনহীন কিন্ডারগার্টেনগুলোকে নির্ধারিত নিয়মের আওতায় আনা হবে। নির্ধারিত সময়ের মধ্যে নিবন্ধন না নেয়া দেশের সব কিন্ডারগার্টেন স্কুল ২০২৮ সালের মধ্যে বন্ধ করে দেয়া হবে। প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন এবং এসব প্রতিষ্ঠানকে সরকারি নিয়ম-নীতির আওতায় আনতেই এ উদ্যোগ নেয়া হয়েছে। প্রাথমিক শিক্ষাপ্রতিষ্ঠানে জনবল সংকট দূর করতেও সরকার কাজ করছে বলে জানান তিনি।
প্রতিমন্ত্রী আরও বলেন, প্রাথমিক শিক্ষকদের জন্য একটি নতুন সমন্বিত নীতিমালা প্রণয়নের কাজ চলছে। এতে শিক্ষকদের পদোন্নতি, বেতন কাঠামো, দায়িত্বের পরিধি ও জবাবদিহিতাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় অন্তর্ভুক্ত করা হবে। নতুন নীতিমালার মাধ্যমে শিক্ষকদের পেশাগত সুযোগ-সুবিধা ও দায়িত্বের মধ্যে আরও কার্যকর সমন্বয় করা হবে বলেও জানান তিনি। এর আগে ‘বাংলাদেশের প্রাথমিক শিক্ষায় শ্রেণি কার্যক্রম পরিচালনা, মনিটরিং, জবাবদিহিতা ও স্থানীয় প্রশাসনের প্রতি পরিবর্তিত প্রত্যাশা’ শীর্ষক দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালায় বক্তব্য দেন প্রতিমন্ত্রী।
