রাঙ্গামাটিতে মালবাহী গাড়িতে যাত্রী পরিবহন বন্ধের দাবি

ফন্ট সাইজ:

রাঙ্গামাটিতে রুট পারমিটবিহীন মালবাহী গাড়িতে যাত্রী পরিবহন বন্ধের দাবিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে স্মারকলিপি দিয়েছে চট্টগ্রাম-রাঙ্গামাটি মোটর মালিক সমিতি ও চট্টগ্রাম বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়ন। দাবি বাস্তবায়নে বুধবারের মধ্যে কার্যকর ব্যবস্থা না নিলে ২০শে আগস্ট থেকে রাঙ্গামাটি থেকে বিভিন্ন দূরপাল্লার রুটে বাস চলাচল বন্ধ রাখার হুঁশিয়ারি দিয়েছে সংগঠন দু’টি। গত মঙ্গলবার রাঙ্গামাটি জেলা পুলিশ সুপার মো. আব্দুর রকিব, পিপিএম এবং স্থানীয় সরকারের উপ-পরিচালক মো. মোবারক হোসেনের কাছে পৃথকভাবে এ স্মারকলিপি দেয়া হয়। এতে বলা হয়, চট্টগ্রাম-রাঙ্গামাটি রুটসহ রাঙ্গামাটি থেকে খাগড়াছড়ি, মহালছড়ি, নানিয়ারচর, বান্দরবান ও রাজস্থলীসহ বিভিন্ন দুর্গম পাহাড়ি এলাকায় দীর্ঘদিন ধরে নিয়মিত যাত্রীসেবা দিয়ে আসছে সমিতিভুক্ত বাস ও মিনিবাসগুলো।

একইসঙ্গে সরকারি বিভিন্ন কার্যক্রমে যাতায়াত এবং রাঙ্গামাটির বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের পরিবহনেও এসব যানবাহন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। তবে সম্প্রতি রাঙ্গামাটি নিউ মার্কেট এলাকা থেকে রুট পারমিটবিহীন ছোট ছোট মালবাহী গাড়িতে যাত্রী পরিবহন করা হচ্ছে বলে অভিযোগ করেছে পরিবহন মালিক ও শ্রমিক সংগঠনগুলো। সংগঠন দু’টির অভিযোগ, বৈধভাবে রুট পারমিট নিয়ে যাত্রী পরিবহনকারী বাস-মিনিবাসগুলো বিভিন্ন নিয়ম-কানুন মেনে চলাচল করলেও রুট পারমিটবিহীন মালবাহী গাড়িতে যাত্রী পরিবহনের কারণে বৈধ পরিবহন ব্যবসা ক্ষতিগ্রস্ত হচ্ছে। একইসঙ্গে যাত্রীদের নিরাপত্তা নিয়েও উদ্বেগ তৈরি হয়েছে।

স্মারকলিপিতে বুধবারের মধ্যে রাঙ্গামাটি নিউ মার্কেটসহ সংশ্লিষ্ট এলাকায় রুট পারমিটবিহীন মালবাহী গাড়িতে অবৈধভাবে যাত্রী পরিবহন বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়। দাবি বাস্তবায়নে কার্যকর পদক্ষেপ না নিলে ২০শে আগস্ট থেকে চট্টগ্রাম-রাঙ্গামাটি, রাঙ্গামাটি-খাগড়াছড়ি, রাঙ্গামাটি-মহালছড়ি, রাঙ্গামাটি-নানিয়ারচর, রাঙ্গামাটি-বান্দরবান ও রাঙ্গামাটি-রাজস্থলীসহ বিভিন্ন দূরপাল্লার রুটে গাড়ি চলাচল বন্ধ রাখতে বাধ্য হওয়ার হুঁশিয়ারি দেয়া হয়েছে। পরিবহন মালিক ও শ্রমিক নেতাদের প্রত্যাশা, নির্ধারিত সময়ের মধ্যেই সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বিষয়টি গুরুত্ব দিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে এবং সম্ভাব্য পরিবহন ধর্মঘটের পরিস্থিতি এড়ানো সম্ভব হবে।