মানবজমিনে সংবাদ প্রকাশের পর টাঙ্গাইলের সখীপুরে শিক্ষার্থীদের সঙ্গে ক্যান্সারে আক্রান্ত সেই মায়ের পাশে দাঁড়ালেন প্রধানমন্ত্রী তারেক রহমান। গত রোববার মানবজমিনের অনলাইনে এবং সোমবার মানবজমিনের প্রিন্টে ‘এসএসসি পাসের মিষ্টি না খেয়ে ক্যান্সারে আক্রান্ত মাকে অর্থ উপহার’ শিরোনামে সংবাদ প্রকাশিত হয়। সোমবার বিকালে এ খবরটি প্রধানমন্ত্রীর নজরে আসে এবং সংশ্লিষ্ট দপ্তর থেকে স্থানীয় সংসদ সদস্য এবং মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী এডভোকেট আহমেদ আযম খানকে ওই মায়ের খোঁজখবর নেয়ার নির্দেশ দেন। তৎক্ষণাৎ মন্ত্রী সখীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আশরাফুল আলমকে ফোন করে বিস্তারিত অবগত হন। এমন খবরে ক্যান্সারে আক্রান্ত ওই মা, পরিবার এবং স্কুলের শিক্ষক-শিক্ষার্থীরা আনন্দিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা আশরাফুল আলম জানান, আগামী শনিবার প্রধানমন্ত্রীর অর্থ উপহার নিয়ে ক্যান্সারে আক্রান্ত মায়ের বাড়িতে যাবেন এবং শিক্ষার্থীদের দেখতে ওই স্কুলে যাবেন মন্ত্রী। এসএসসি পাস করা ইমরান, জাহিদ ও আপন জানায়, এই ঘটনা প্রধানমন্ত্রীর নজরে আসবে ভাবতেই পারি নাই। তাই আমরা খুবই আনন্দিত।
ক্যান্সারে আক্রান্ত মায়ের শ্বশুর সাত্তার সিকদার বলেন, প্রধানমন্ত্রী আমাদের চিকিৎসার খোঁজখবর নিয়েছেন, সহযোগিতা করবেন শুনে আমরা কতোটা খুশি হয়েছি তা ভাষায় প্রকাশ করতে পারবো না। কলতান বিদ্যানিকেতনের পরিচালক মো. আমিনুল ইসলাম বাদল বলেন, এ খবরে আমার স্কুলের সকল শিক্ষার্থী, শিক্ষক এবং এলাকাবাসী খুবই আনন্দিত।
উল্লেখ্য, গত রোববার সকালে সখীপুরের কলতান বিদ্যানিকেতনের এসএসসি পাস করা শিক্ষার্থীরা মিষ্টি না খেয়ে সেই টাকা সহপাঠীর মায়ের ক্যান্সার চিকিৎসার জন্য উপহার দেয়।
