তালতলী উপজেলা বিএনপি’র দুই গ্রুপের পাল্টাপাল্টি সভাকে কেন্দ্র করে গত দু’দিন ধরে শহরে চরম উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশের অভিযানে ১টি ইয়ারগান এবং ১টি বিদেশি অস্ত্র ও ৪ রাউন্ড গুলিসহ পাঁচজনকে আটক করেছে পুলিশ। বুধবার দুপুর ২টার দিকে উপজেলার গাবতলী এলাকা থেকে পাঁচজনকে বিদেশি অস্ত্র ও ৪ রাউন্ড গুলিসহ আটক করেছে পুলিশ।
আটককৃতরা হলেন- তালতলীর আঙ্গারপাড়ার লিটন সিকদারের ছেলে লিমন সিকদার (২৮), কলাপাড়ার চাকামইয়া এলাকার সঞ্জয় মজুমদারের ছেলে অনিক মজুমদার (২৫), বরগুনার কেওরাবুনিয়ার শাহ আলমের ছেলে মো. জামাল (২৭), নড়াইল জেলার লোহাগড়ার আনোয়ার খানের ছেলে জিহাদ খান (৩৫) ও বরগুনার কেওরাবুনিয়ার মোসলেম মোল্লার ছেলে হৃদয় মোল্লা (২৪)।
১৫ই আগস্ট সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকীর অনুষ্ঠানে বরগুনা জেলা বিএনপি’র আহ্বায়ক ও জেলা পরিষদ প্রশাসক নজরুল ইসলাম মোল্লাকে নিয়ে উপজেলা বিএনপি’র সাবেক সদস্য সচিব মিয়া মোস্তাফিজুর রহমান মোস্তাকের দেয়া একটি বক্তব্যকে কেন্দ্র করে দলীয় নেতাকর্মীদের মাঝে উত্তেজনা ছড়ায়। এরই জের ধরে নজরুল ইসলাম মোল্লার অনুসারী উপজেলা বিএনপি সাবেক যুগ্ম আহ্বায়ক মাহবুবুল আলম মামুন এবং উপজেলা বিএনপি’র সাবেক সদস্য সচিব মিয়া মোস্তাফিজুর রহমান মোস্তাকের গ্রুপ বুধবার পাল্টাপাল্টি বিক্ষোভ সমাবেশের ঘোষণা দেন। এতে শহরে সংঘর্ষের আতঙ্ক বিরাজ করে। পরে গোপন সংবাদের ভিত্তিতে দুপুর ২টার দিকে উপজেলার ছোটবগী ইউনিয়নের গাবতলী এলাকায় স্থানীদের সহায়তায় বিদেশি অস্ত্র ও ৪ রাউন্ড গুলিসহ পাঁচজনকে আটক করে পুলিশ। এ ঘটনার পর পরই দুই গ্রুপের পাল্টাপাল্টি বিক্ষোভ সমাবেশ স্থগিত করার নির্দেশ দেন উপজেলা প্রশাসন ও থানা পুলিশ।
এদিকে, বিকাল ৪টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা বিএনপি সাবেক যুগ্ম আহ্বায়ক মাহবুবুল আলম মামুনের চাচাতো ভাই আল-আমিনের বসতবাড়ি থেকে ১টি এয়ারগান উদ্ধার করে যৌথ বাহিনী। এ ঘটনায় শহর জুড়ে থমথমে পরিবেশ বিরাজ করছে।
উপজেলা বিএনপি’র সাবেক সদস্য সচিব মিয়া মোস্তাফিজুর রহমান মোস্তাক বলেন, জেলা বিএনপি’র প্রকাশ্য মদতে উপজেলা বিএনপি’র একটি অংশ কয়েকদিন ধরে আমার ও আমার লোকজনকে হুমকি-ধমকি দিয়ে আসছে। আজকের সমাবেশে সন্ত্রাসী হামলা করার জন্য বহিরাগতদের ভাড়া করে এনেছে; যা পুলিশের হাতে আটক হয়েছে। উপজেলা বিএনপি’র সাবেক যুগ্ম আহ্বায়ক মাহবুবুল আলম মামুন বলেন, বিএনপি’র পক্ষ থেকে বিক্ষোভ সমাবেশ উপজেলা প্রশাসনের নির্দেশে বন্ধ করা হয়েছে। অস্ত্র উদ্ধারের বিষয়ে আমি অবগত নই।
তালতলী থানার ওসি তদন্ত শরিফুল ইসলাম বলেন, বিএনপি’র দুই গ্রুপের বিক্ষোভ সমাবেশকে কেন্দ্র করে অস্ত্রসহ কিছু লোক অবস্থান করছে। স্থানীদের সহায়তায় বিদেশি অস্ত্র ও ৪ রাউন্ড গুলিসহ পাঁচজনকে আটক করা হয়েছে। আমরা তদন্ত করে প্রকৃত ঘটনা উদ্ঘাটন করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়া হবে।
