নড়াইলে শিশু ধর্ষণ ও হত্যা মামলায় আসামির মৃত্যুদণ্ড

ফন্ট সাইজ:

নড়াইলে ৫ বছরের শিশু জান্নাতুল মাওয়া ধর্ষণ ও হত্যা মামলায় একমাত্র আসামি রবিউল সিকদার রবি (৩৫) কে মৃত্যুদণ্ড ও ৩ লাখ টাকা জরিমানা করা হয়েছে। গতকাল দুুপর সাড়ে ১২টার দিকে নড়াইলের শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনাল আদালতের বিচারক শেখ ছামিদুল ইসলাম জনাকীর্ণ আদালতে এ রায় ঘোষণা করেন। হত্যাকাণ্ডের এক মাসের মধ্যে এবং আদালত বিচারিক কার্যক্রম শুরু হওয়ার ৮ কার্যদিবসের মধ্যে এ রায় ঘোষণা করা হলো। রায় ঘোষণার সময় আসামি আদালতে উপস্থিত ছিল। রায় ঘোষণার পর শিশু জান্নাতুল মাওয়ার স্বজনরা এ রায় দ্রুত কার্যকর করার দাবি জানান।

বুধবার সকাল থেকেই আদালত প্রাঙ্গণে নিরাপত্তা জোরদার করা হয়। কঠোর নিরাপত্তার মধ্যদিয়ে পুলিশ আসামি রবিউলকে আদালতে উপস্থাপন করে। মামলার এজাহার ও সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, গত ২০শে জুলাই সন্ধ্যায় নড়াইল সদর উপজেলার আউড়িয়া ইউনিয়নের রামচন্দ্রপুর গ্রামে বাড়ির পাশ থেকে শিশুটি নিখোঁজ হয়। স্বজনরা খোঁজাখুঁজির একপর্যায়ে অভিযুক্ত প্রতিবেশী রবিউল শিকদার ওরফে রবির ঘরের ভেতরে কাঁথা দিয়ে মোড়ানো অবস্থায় শিশুটির মরদেহ দেখতে পান। এ ঘটনায় পরদিন ২১শে জুলাই জান্নাতুলের বাবা মফিজুর রহমান বাদী হয়ে রবিউলকে আসামি করে নড়াইল সদর থানায় মামলা দায়ের করেন।

ঘটনা জানাজানি হলে পরদিন সকালে স্থানীয়দের সহায়তায় পুলিশ অভিযুক্ত রবিউলকে গ্রেপ্তার করে। নড়াইল সদর থানার ওসি অজয় কুমার কুণ্ডু জানান, চাঞ্চল্যকর এই মামলা সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে তদন্ত সম্পন্ন করা হয়েছে। ময়নাতদন্ত ও ডিএনএ রিপোর্ট এবং অন্যান্য কাগজপত্র হাতে পাওয়ায় ১১ কার্যদিবসের মধ্যে আদালতে চার্জশিট দাখিল করেন।