আরাকান আর্মির হাতে আটক ২৪ জেলে ফেরত

ফন্ট সাইজ:

বঙ্গোপসাগরে মাছ ধরতে গিয়ে মিয়ানমারের বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির হাতে আটক হওয়া ২৪ জন জেলেকে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)’র প্রচেষ্টায় দেশে ফিরিয়ে আনা হয়েছে। ফেরত দেয়া জেলেদের মধ্যে ১৮ জন বাংলাদেশি নাগরিক এবং ৬ জন বলপূর্বক বাস্তুচ্যুত মিয়ানমার নাগরিক (এফডিএমএন)। বুধবার দুপুরে বিজিবি’র একটি প্রতিনিধিদল নাফ নদের শূন্যলাইনে আরাকান আর্মির কাছ থেকে এসব জেলেকে আনুষ্ঠানিকভাবে গ্রহণ করে টেকনাফ জেটিঘাটে নিয়ে আসে। জানা যায়, ২০২৫ ও ২০২৬ সালের বিভিন্ন সময় বঙ্গোপসাগরে মাছ শিকার করতে গিয়ে অনিচ্ছাকৃতভাবে মিয়ানমার জলসীমায় প্রবেশ করলে তাদের আটক করে আরাকান আর্মি। পরবর্তীতে তাদের অভ্যন্তরীণ নিয়ন্ত্রিত স্থান ও জেলখানায় সাজা দিয়ে আটকে রাখা হয়েছিল।

পরিসংখ্যান অনুযায়ী, গত ১লা জানুয়ারি ২০২৫ থেকে ১৯শে আগস্ট ২০২৬ পর্যন্ত আরাকান আর্মি কর্তৃক সর্বমোট ৪৩৪ জন জেলে আটক হন; যার মধ্যে ২২২ জন বাংলাদেশি এবং ২১২ জন এফডিএমএন সদস্য। তবে বিজিবি’র তৎপরতা ও যোগাযোগের মাধ্যমে এ পর্যন্ত ৩৪৮ জন জেলেকে সুস্থভাবে দেশে ফেরত আনা সম্ভব হয়েছে। যার মধ্যে বাংলাদেশি ১৫৭ জন এবং এফডিএমএন ১৯১ জন। বর্তমানে অবশিষ্টাংশ ৮৬ জন জেলে এখনো আরাকান আর্মির কাছে আটকে রয়েছেন। সেখানে বাংলাদেশি ৬৫ জন এবং এফডিএমএন ২১ জন। টেকনাফ ব্যাটালিয়নের (২ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল মো. হানিফুর রহমান ভূঁইয়া জানান, মানবিক সংকট মোকাবিলায় পেশাদারিত্ব ও কার্যকর সমন্বয়ের মাধ্যমে জেলেদের ফিরিয়ে আনা সম্ভব হয়েছে। তিনি আরও জানান, অবশিষ্ট ৮৬ জন আটকে থাকা জেলেকে নিরাপদে ফিরিয়ে আনার লক্ষ্যে বিজিবি’র কূটনৈতিক ও মানবিক প্রচেষ্টা অব্যাহত রয়েছে।