সড়ক দুর্ঘটনার দুইদিন পর যুবকের লাশ উদ্ধার

ফন্ট সাইজ:

ফরিদপুরের বোয়ালমারীতে যাত্রীবাহী বাস ও ইটবোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষের দুইদিন পর দুর্ঘটনাস্থলের পাশের খাদ থেকে হাফিজুর রহমান (২৫) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। বুধবার সকালে স্থানীয়রা পুকুরের পানিতে মরদেহটি ভাসতে দেখে পুলিশকে খবর দেন। তবে তিনি বাসের যাত্রী ছিলেন কি নাÑ তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। নিহত হাফিজুর গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার পিঙ্গলিয়া গ্রামের কাউসার মোল্লার ছেলে। এর আগে গত সোমবার দুপুরে বোয়ালমারী উপজেলার পাইকহাটি এলাকায় ফরিদপুরগামী একটি লোকাল বাস ও বিপরীত দিক থেকে আসা ইটবোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়।

এতে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খাদে উল্টে পড়ে। আর ট্রাকটি রাস্তার পাশের বিদ্যুৎ সাবস্টেশনের গেটসংলগ্ন একটি খুঁটিতে ধাক্কা লেগে আটকে যায়। এ ঘটনায় বাস ও ট্রাকের চালক-হেলপারসহ অন্তত ১৬ জন আহত হন। দুর্ঘটনার দুইদিন পর বুধবার সকালে দুর্ঘটনাস্থলের পাশের একটি পুকুরে মরদেহ ভাসতে দেখে পুলিশকে খবর দেয় স্থানীয়রা। সংবাদ পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে থানায় নিয়ে যায়। থানার ওসি মোস্তাফিজুর রহমান জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। বাস ও ট্রাক থানায় আটক রয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।