রূপগঞ্জের খামারিদের স্বার্থ রক্ষা ও দুগ্ধ শিল্পের সার্বিক প্রসারে কাজ করবে বাংলাদেশ দুগ্ধ উৎপাদনকারী সমবায় ইউনিয়ন লিমিটেড (মিল্কভিটা)। পাশাপাশি তরুণ উদ্যোক্তাদের দুগ্ধ খামার গড়ে তুলতে প্রশিক্ষণ ও ঋণ সহায়তার মাধ্যমে দক্ষ করে গড়ে তোলা হবে বলে জানিয়েছেন প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা কমিটির নবনির্বাচিত সহ-সভাপতি মোফাজ্জল হোসেন স্বপন। গতকাল দুপুরে নারায়ণগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপুর সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে তিনি এসব কথা বলেন। মোফাজ্জল হোসেন স্বপন বলেন, রূপগঞ্জে দুগ্ধ খামারিদের নানা সমস্যা রয়েছে। এসব সমস্যা চিহ্নিত করে তাদের স্বার্থ রক্ষা এবং দুগ্ধ উৎপাদন বাড়াতে মিল্কভিটা কার্যকর উদ্যোগ নেবে। বিশেষ করে তরুণ উদ্যোক্তাদের খামার করতে প্রয়োজনীয় প্রশিক্ষণ ও ঋণ সহায়তা দেয়ার মাধ্যমে তাদের দক্ষ করে গড়ে তোলা হবে।
এ সময় সংসদ সদস্য দিপু ভূঁইয়া মিল্কভিটার নতুন ব্যবস্থাপনা কমিটির সহ-সভাপতি মোফাজ্জল হোসেন স্বপনকে শুভেচ্ছা জানান এবং রূপগঞ্জের দুগ্ধ খামারি ও তরুণ উদ্যোক্তাদের নিয়ে কাজ করার ক্ষেত্রে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেন। পাশাপাশি রূপগঞ্জের বেকার ও শিক্ষিত জনগোষ্ঠীকে কর্মমুখী করার উদ্যোগ নেয়ার আহ্বান জানান। সৌজন্য সাক্ষাৎকালে ভোলাবো ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলমগীর হোসেন টিটু, কাঞ্চন পৌর বিএনপি’র সাধারণ সম্পাদক মফিকুল ইসলাম খান, তারাবো পৌর যুবদলের আহ্বায়ক আফজাল কবির, বিএনপি নেতা মনির হোসেন ও মনিরুল ইসলাম সবুজ, যুবদল নেতা কামাল হোসেনসহ স্থানীয় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
