জমি নিয়ে বিরোধে আহত যুবকের মৃত্যু

ফন্ট সাইজ:

জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে আহত পলাশ মিয়া (৩৫) নামে এক যুবকের চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে। বুধবার দুপুরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে তিনি মারা যান। পলাশ হারাগাছ আরাজি বীরচরণ এলাকার আব্দুর রশিদের ছেলে। এ তথ্য নিশ্চিত করেছেন হারাগাছ থানার ওসি অশোক চৌহান।
তিনি স্থানীয়দের বরাত দিয়ে জানান, পলাশ মিয়ার সঙ্গে তার প্রতিবেশী আত্মীয়দের জমিজমা নিয়ে বিরোধ চলে আসছিল। এরই জেরে গত ১০ই আগস্ট প্রতিপক্ষরা পলাশকে বেধড়ক মারপিট করে।

গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। বুধবার দুপুরে তিনি চিকিৎসাধীন অবস্থায় মারা যান। হারাগাছ থানার ওসি অশোক চৌহান বলেন, লাশ ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ নিয়ে পরিবারের পক্ষ থেকে মামলার প্রস্তুতি চলছে।