বেপজা’র গাড়ি ভাঙচুর করে আসামি ছিনতাই, গ্রেপ্তার ৪

ফন্ট সাইজ:

চট্টগ্রাম এক্সপোর্ট প্রসেসিং জোনে (সিইপিজেড) চুরির ঘটনায় আটক এক ব্যক্তিকে ছিনিয়ে নেয়ার সময় বেপজা নিরাপত্তারক্ষীদের ওপর হামলা ও সরকারি গাড়ি ভাঙচুরের ঘটনায় চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার রাতে ইপিজেড ও বন্দর থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। পরে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে গ্রেপ্তারকৃতদের আদালতে পাঠানো হয়েছে।

জানা যায়, গত ১৭ই আগস্ট রাত সাড়ে ৯টার দিকে সিইপিজেডের মেসার্স তারিক আজিম টেক্সটাইল লিমিটেডে একদল চোর প্রবেশ করেছে এমন খবর পেয়ে বেপজা’র একটি টহল দল সেখানে যায়। সহকারী নিরাপত্তা কর্মকর্তা আ.ব.ম. নাজির হোসেনের নেতৃত্বে টহল দল ঘটনাস্থলে পৌঁছালে চোরেরা পালানোর চেষ্টা করে। এ সময় আসলাম শেখ (২৪) নামে একজনকে আটক করা হয়। তবে অন্যরা পালিয়ে যায়। পরে আটক আসলাম শেখকে পুলিশের কাছে হস্তান্তরের জন্য সরকারি পিকআপে করে সিইপিজেড পুলিশ ফাঁড়ির দিকে নেয়া হচ্ছিল। পথে সিইপিজেডের বেপজা সিকিউরিটি গেটের প্রায় ২০ মিটার উত্তর-পূর্বে বিডি অ্যাপারেলসের গেটের সামনে একদল লোক গাড়িটির গতিরোধ করে।

অভিযোগ রয়েছে, হামলাকারীরা গাড়িতে ভাঙচুর চালিয়ে আসলামকে ছিনিয়ে নেয়ার চেষ্টা করে। বেপজা নিরাপত্তারক্ষীরা বাধা দিলে দেশীয় অস্ত্র নিয়ে তাদের ওপর হামলা চালানো হয়। একপর্যায়ে নিরাপত্তারক্ষীদের মারধর করে গাড়ি ভাঙচুরের পাশাপাশি আটক আসলাম শেখকে জোরপূর্বক নিয়ে যায় হামলাকারীরা। এ ঘটনায় বেপজা’র সহকারী পরিচালক (প্রশাসন ও এস্টেট) পাপ্পু দে বাদী হয়ে আসলাম শেখ, আব্দুল কাইয়ুম (৩২), মো. রাশেদ (৩৮), মো. রাসেল আলামিন (২৯), মো. শাহ জালাল (২৭), মো. রাকিব (২৬), মো. আলাল খান (২৭), আকাশ বিশ্বাস (২৪) ও মো. সবুজ হোসেন (৩৪)সহ অজ্ঞাতনামা আরও ৩০ থেকে ৪০ জনের বিরুদ্ধে মামলা করেন। ইপিজেড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুহাম্মদ আতিকুর রহমান জানায়, ১৯শে আগস্ট রাত ১২টা থেকে ভোর ৫টা পর্যন্ত ইপিজেড ও বন্দর থানা এলাকার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ছিনিয়ে নেয়া আসলাম শেখসহ চারজনকে গ্রেপ্তার করা হয়। তিনি আরও জানান, এ ঘটনায় জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। গ্রেপ্তারকৃতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে আদালতে পাঠানো হয়েছে।