নাটোরের বড়াইগ্রাম উপজেলার বনপাড়া বাইপাস এলাকায় বিআরটিসি বাস কাউন্টারে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপি’র দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় বনপাড়া পৌর বিএনপি’র তিন নেতাকর্মীসহ অন্তত ৭ জন আহত হয়েছেন। এদের মধ্যে ৩ নেতার অবস্থাই আশঙ্কাজনক বলে জানা গেছে। গতকাল দুপুর ১২টার দিকে এ ঘটনা ঘটে। আশঙ্কাজনক ৩ নেতা হলেন- বনপাড়া পৌর বিএনপি’র সাবেক যুগ্ম আহ্বায়ক হোসেন আলী ফকির (৫৭), পৌর কৃষক দলের সভাপতি মমতাজ উদ্দিন শেখ (৫৫) ও পৌর বিএনপি’র ৭নং ওয়ার্ড সভাপতি আকতার হোসেন (৫২)। তাদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ছাড়া গুরুতর আহত বিএনপিকর্মী আসলাম শেখ (৫০) কে বনপাড়া পাটোয়ারী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আহত অপর পৌর বিএনপি’র ৯নং ওয়ার্ড সভাপতি রবিউল ইসলাম মৃধা (৫০), যুবদল কর্মী নাজমুল (৩৫) ও সোহেল (৪৮) কে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।
স্থানীয় ও দলীয় সূত্রে জানা যায়, বুধবার সকাল ১১টার দিকে হোসেন আলী ফকির সহ ২০-২৫ জন নেতাকর্মী প্রতিপক্ষের লোকজনদের ধাওয়া করে। এরপর দুপুর ১২টার দিকে বনপাড়া বাইপাসের পাবনা কাউন্টারের সামনে একটি চায়ের দোকানে হোসেন আলী ফকিরসহ বেশ কয়েকজন বিএনপি নেতাকর্মী বসে চা পান করছিলেন।
এ সময় প্রতিপক্ষের ৪০-৪৫ জন লাঠিসোটা নিয়ে হোসেন আলী ফকির সহ অন্যান্য নেতাকর্মীর ওপর একযোগে হামলা চালায়। এতে ৭ জন নেতাকর্মী আহত হয়। হামলাকারীরা একই সময় একটি চায়ের দোকান ও পাঁচটি মোটরসাইকেল ভাঙচুর করে। ঘটনার পর বনপাড়া পৌর শহরে উত্তেজনা ছড়িয়ে পড়ে।
পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় পুলিশ মোতায়েন ও টহল জোরদার করা হয়েছে। বড়াইগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম জানান, এ ঘটনায় হামলার কারণ ও জড়িতদের বিষয়ে বিস্তারিত তদন্ত করে দ্রুত আইনগত ব্যবস্থা নেয়া হবে।
