খুলনায় দুর্নীতি দমন কমিশন (দুদক)’র দায়ের করা দু’টি পৃথক মামলার পৃথক ধারায় চারজনকে ৩০ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে তাদের ৭ লাখ ২০ হাজার ৩৯০ টাকা জরিমানা, অনাদায়ে আরও ৪ বছরের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়। বুধবার খুলনার বিভাগীয় স্পেশাল জজ (সিনিয়র জেলা ও দায়রা জজ) আদালতের বিচারক মোহা. আদীব আলী এ রায় ঘোষণা করেন।
ওই আদালতের বেঞ্চ সহকারী রায়ের বিষয়টি নিশ্চিত করেন। রায় ঘোষণার সময় আসামিরা আদালতে উপস্থিত ছিলেন না। দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন- সাতক্ষীরা জেলার কলারোয়া উপজেলার চন্দনপুর এলাকার গ্রামীণ ব্যাংকের সাবেক কেন্দ্র ব্যবস্থাপক রুনা লায়লা, একই ব্যাংকের ওই শাখার সাবেক শাখা ব্যবস্থাপক মো. ইনছার আলী, একই ব্যাংকের সাবেক দ্বিতীয় কর্মকর্তা রণেশ বিশ্বাস ও একই ব্যাংকের সাবেক কেন্দ্র ব্যবস্থাপক মমতাজ পারভীন।
