রংপুর চিড়িয়াখানায় অসামাজিক কর্মকাণ্ডের অভিযোগে ২৭ তরুণ-তরুণীকে আটক করেছে পুলিশ। বুধবার দুপুরে মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা বিভাগ এ অভিযান চালায়। এতে ১৩ জন ছেলে ও ১৪ জন মেয়েকে আটক করে। তাদের প্রত্যেকে চিড়িয়াখানার বিভিন্ন বেঞ্চ, বিশ্রামের শেড ও চিড়িয়াখানার কম যাতায়াত করা স্থানে অসামাজিক কর্মকাণ্ডের সময় আটক করা হয়।
এ তথ্য নিশ্চিত করেছেন, মেট্রোপলিটন কোতোয়ালি থানার ওসি নাজমুল কাদের। তিনি বলেন, রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনারের নির্দেশে গোয়েন্দা বিভাগের সদস্যরা এ অভিযান পরিচালনা করে। এতে ২৭ জনকে আটক করে কোতোয়ালি থানায় আনা হয়েছে। তাদের বিরুদ্ধে পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। এদের অনেকে অপ্রাপ্ত বয়স্ক হওয়ায় নাম-পরিচয় গোপন রাখা হয়েছে।
