বাগেরহাটের শরণখোলায় মোস্তফা কামাল ওরফে মোস্তফা ভাণ্ডারী (৫২) নামের এক মাদক কারবারিকে গাঁজাসহ আটক করেছে পুলিশ। মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে উপজেলার ছৈলাবুনিয়া গ্রাম থেকে তাকে আটক করা হয়। পুলিশ সূত্রে জানা যায়, উপজেলার ছৈলাবুনিয়া গ্রামের মৃত গনি তালুকদারের ছেলে চিহ্নিত মাদক কারবারি মোস্তফা নিজ এলাকায় গাঁজা বিক্রি করছে এমন সংবাদে শরণখোলা থানা পুলিশ অভিযান চালায়।
এ সময় তার নিজ বাড়ি সামনে থেকে তাকে আটক করা হয়। পরে তার দেহ তল্লাশি চালিয়ে ৮০ গ্রাম গাঁজা উদ্ধার করে পুলিশ। শরণখোলা থানা পুলিশের এসআই বিনয় কুমার বলেন, মাদক আইন একটি মামলা দায়ের করে তাকে বাগেরহাট কোর্ট হাজতে প্রেরণ করা হয়েছে। এ ছাড়া তার বিরুদ্ধে শরণখোলা থানায় তিনটি মাদক মামলা রয়েছে।
