২০ টাকার প্রলোভন দেখিয়ে...

ফন্ট সাইজ:

যশোরের শার্শায় ২০ টাকার প্রলোভন দেখিয়ে ১১ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে মকছেদ আলী (৫৫) নামে এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার সকালে তথ্যপ্রযুক্তির সহায়তায় তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার মকছেদ উপজেলার মহিষা মোল্লাপাড়া গ্রামের মৃত কোরবান আলীর পুত্র। এ ঘটনায় মঙ্গলবার রাতে শার্শা থানায় মামলা দায়ের করেন ভুক্তভোগী শিশুর বাবা। পুলিশ ও মামলা সূত্রে জানা গেছে, গত ১২ই আগস্ট বিকালে স্কুল থেকে বাড়ি ফেরার পর শিশুটি খেলতে বের হয়। এ সময় মকছেদ টাকা দেয়ার প্রলোভন দেখিয়ে তাকে গ্রামের একটি ঘেরের পাড়ে নিয়ে যায়। সেখানে শিশুটিকে ধর্ষণ করা হয়।

পরে শিশুটিকে ২০ টাকা দিয়ে বাড়িতে পাঠিয়ে দেয়া হয়। ভয়ে শিশুটি প্রথমে পরিবারের কাউকে বিষয়টি জানায়নি। এরপর শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়লে এক প্রতিবেশী নারীর কাছে ঘটনার কথা জানায়। পরে ওই নারীর কাছ থেকে বিষয়টি জানতে পেরে শিশুটির বাবা তার মেয়ের কাছে ঘটনার বিস্তারিত শোনেন। পরে ভুক্তভোগীর বাবা গতকাল রাতে মামলা দায়ের করেন। মামলা পর তথ্যপ্রযুক্তির সহায়তায় পুলিশ তাকে গ্রেপ্তার করে।

জানা গেছে, ভুক্তভোগী শিশুটি স্থানীয় একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী। অভিযুক্ত তাদের প্রতিবেশী। শার্শা থানার ওসি শামিনুল হক বলেন, শিশু ধর্ষণের অভিযোগে এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। দুপুরে তাকে যশোর আদালতে পাঠানো হয়েছে।