কুমিল্লায় বিস্ফোরক দ্রব্য আইনের একটি মামলায় নিষিদ্ধ জঙ্গি সংগঠন জেএমবি’র দুই সদস্যকে ২০ বছর করে সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই মামলায় এক নারী আসামিকে ৮ বছর সশ্রম কারাদণ্ড দেয়া হয়েছে। গতকাল কুমিল্লার অতিরিক্ত জেলা ও দায়রা জজ (স্পেশাল ট্রাইব্যুনাল-৬) আদালতের বিচারক খাইরুন নেছা এ রায় ঘোষণা করেন।
জানা যায়, কোতোয়ালি মডেল থানার মামলা নম্বর-২১, তারিখ ১৩ই মার্চ ২০০৬। মামলাটি বিস্ফোরক দ্রব্য আইনের ৪/৬ ধারায় দায়ের করা হয়।
মামলার রায়ে দণ্ডপ্রাপ্তরা হলো, নওগাঁ জেলার বাসিন্দা মো. মোস্তাফিজুর রহমান ওরফে মিন্টু ওরফে সামাদ ওরফে রাজীব এবং গাজীপুরের শ্রীপুর থানার চকপাড়া এলাকার মোহাম্মদ দুরুল হুদা ওরফে হাসান। অপর দণ্ডপ্রাপ্ত আসামি হলো দুরুল হুদার স্ত্রী খালেদা আক্তার রানী। সাক্ষ্য-প্রমাণ ও নথিপত্র পর্যালোচনা শেষে আদালত আসামিদের দোষী সাব্যস্ত করেন। পরে রায় ঘোষণার সময় মোস্তাফিজুর রহমান ও দুরুল হুদাকে প্রত্যেককে ২০ বছর করে সশ্রম কারাদণ্ড দেয়া হয়।
অন্যদিকে খালেদা আক্তার রানীর তিন সন্তান থাকা, তার স্বামী কারাগারে থাকা এবং তার বিরুদ্ধে অন্য কোনো মামলা না থাকার বিষয় বিবেচনায় নিয়ে আদালত তাকে ৮ বছর সশ্রম কারাদণ্ড দেন।
