মধ্য আফ্রিকান প্রজাতন্ত্রের পশ্চিমাঞ্চলে একটি সোনার খনি ধসে অন্তত ৩০ জন শ্রমিকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও অনেকেই মাটির নিচে আটকা পড়েছেন বলে জানিয়েছেন স্থানীয় কর্তৃপক্ষ ও বাসিন্দারা। এ খবর দিয়েছে বার্তা সংস্থা এপি।
নানা-মামবেরে প্রিফেকচারের আব্বা অঞ্চলে মঙ্গলবার সকালে ওই খনি ধসের ঘটনা ঘটে। বেঁচে যাওয়া এক শ্রমিক ফ্লোরিয়ান গাগুয়েন্দে জানান, আটকে পড়াদের উদ্ধারে অভিযান চলছে, তবে তাদের জীবিত উদ্ধারের সম্ভাবনা ক্রমশ ক্ষীণ হয়ে আসছে। স্থানীয় উপ-মেয়র সুলেমান বি জানিয়েছেন, উদ্ধারকর্মী ও স্থানীয় বাসিন্দারা কয়েক ঘণ্টার চেষ্টায় ৩০ জনের মৃতদেহ উদ্ধার করেছেন এবং আহতদের চিকিৎসার ব্যবস্থা করা হচ্ছে।
এ ঘটনায় সরকারি মুখপাত্র ইভারিস্তে এনগামানা নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন এবং আটকে পড়াদের সহায়তায় কর্তৃপক্ষ সর্বাত্মক চেষ্টা চালাচ্ছে বলে নিশ্চিত করেছেন। খনিগুলোতে পর্যাপ্ত সুরক্ষা ব্যবস্থা না থাকায় দেশটিতে প্রায়ই এ ধরনের মর্মান্তিক দুর্ঘটনা ঘটে থাকে।
