নতুন ছবির শুটিং সেটে মারাত্মক দুর্ঘটনার শিকার হয়েছেন বলিউড তারকা কার্তিক আরিয়ান। কবীর খানের আসন্ন ছবির অ্যাকশন দৃশ্যের শুটিং করার সময় হাঁটুতে গুরুতর চোট পেয়েছেন তিনি। আঘাতের তীব্রতা এতটাই বেশি যে চিকিৎসকরা তাঁকে দ্রুত হাসপাতালে ভর্তি করে অস্ত্রোপচারের সিদ্ধান্ত নিয়েছেন। ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডের প্রতিবেদন অনুযায়ী, ছবির শুটিংয়ের শেষ দু’দিনের কাজ চলছিল, যেখানে বেশ কিছু হাই-অক্টেন অ্যাকশন দৃশ্য ফুটিয়ে তোলার পরিকল্পনা ছিল। পেশাদার অ্যাকশন কোচের অধীনে কঠোর প্রশিক্ষণ নেওয়া সত্ত্বেও, একটি ঝুঁকিপূণ অ্যাকশন দৃশ্য করার সময় হাঁটুতে মারাত্মক চোট পান অভিনেতা। দুর্ঘটনার পরপরই তাঁকে দ্রুত মুম্বাইয়ের ফোর্টিস ফোরটিস ফোর্টিস রাহেজা হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
প্রযোজনা সংস্থার একটি ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে, চিকিৎসকরা দ্রুত তাঁর হাঁটুর অস্ত্রোপচার করবেন। এর পর কার্তিককে কিছুদিন সম্পূর্ণ বিশ্রামে থাকতে বলা হয়েছে। সুস্থ হয়ে ওঠার পরই তিনি অনুরাগ বসুর পরবর্তী ছবির কাজে যোগ দেবেন। এর আগেও ‘শেহজাদা’ ছবির শুটিং চলাকালীন হাঁটুতে একই ধরনের চোট পেয়েছিলেন তিনি।
সাম্প্রতিক সময়ে ‘চান্দু চ্যাম্পিয়ন’ ছবিতে অনবদ্য অভিনয়ের জন্য সেরা অভিনেতার জাতীয় চলচ্চিত্র পুরস্কার জিতেছেন কার্তিক। কবীর খানের নাম ঠিক না হওয়া ছবিটি ‘চান্দু চ্যাম্পিয়ন’-এর পর পরিচালক-অভিনেতা জুটির দ্বিতীয় কাজ, যার প্রযোজক হিসেবেও যুক্ত রয়েছে কার্তিকের নিজস্ব সংস্থা ‘ডোপামিন স্টুডিওস’। এছাড়া কার্তিকের ঝুলিতে রয়েছে ‘নাগজিলা’ এবং ‘ক্যাপ্টেন ইন্ডিয়া’র মতো একাধিক আলোচিত প্রজেক্ট। এই মুহূর্তে বলিউডের অন্যতম আলোচিত অভিনেতা কার্তিক, যিনি প্রযোজকদের পছন্দের তালিকাতে রয়েছেন শীর্ষে।
