সেলিম আল দীনের জন্মবার্ষিকীতে মঞ্চে পাঁচ নাটক

সেলিম আল দীনের জন্মবার্ষিকীতে মঞ্চে পাঁচ নাটক

ফন্ট সাইজ:

দেশবরেণ্য নাট্যকার প্রয়াত সেলিম আল দীনের জন্মবার্ষিকী উপলক্ষে তিন দিনব্যাপী নাট্যোৎসবের আয়োজন করা হয়েছে। ঢাকা থিয়েটার ও বাংলাদেশ গ্রাম থিয়েটারের যৌথ আয়োজনে তিনটি নাটক মঞ্চস্থ করবে। অন্যদিকে স্বপ্নদল মঞ্চস্থ করবে দু’টি নাটক। এর মধ্যে গতকাল সেলিম আল দীনের জন্মদিনে তার সমাধিতে পুষ্পস্তবক অর্পণের মধ্যদিয়ে আয়োজন শুরু করে ঢাকা থিয়েটার ও বাংলাদেশ গ্রাম থিয়েটারের। সন্ধ্যা ৭টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালায় মঞ্চস্থ হয় সেলিম আল দীন রচিত ‘নিমজ্জন’। নির্দেশনায় নাসির উদ্দীন ইউসুফ।

আজ (বুধবার) সন্ধ্যা ৭টায় একই স্থানে মঞ্চস্থ হবে ‘জহরনামা’। কাজী নজরুল ইসলামের গল্প অবলম্বনে নাটকটির পাণ্ডুলিপি লিখেছেন ও নির্দেশনা দিয়েছেন আনন জামান। পরিবেশনায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নাটক ও নাট্যতত্ত্ব বিভাগ। আগামীকাল (বৃহস্পতিবার) এ আয়োজনের পর্দা নামবে। এদিন সন্ধ্যা ৭টায় একই স্থানে প্রদর্শিত হবে ‘একসাথে চলি একসাথে বাঁচি’। এ এইচ রাজন ও রফিকুল ইসলাম রচিত নাটকটির নির্দেশনায় নাসির উদ্দীন ইউসুফ। পরিবেশনায় প্রতিবন্ধী ব্যক্তিদের নাট্য সংগঠন সুন্দরম।

এ ছাড়া সেলিম আল দীনের জন্মবার্ষিকী উপলক্ষে তিনদিনের আয়োজন করেছে স্বপ্নদল। গতকাল সকাল ১০টায় তার সমাধিতে পুষ্পস্তবক অর্পণের মধ্যদিয়ে আয়োজন শুরু হয়। বৃহস্পতিবার বিকাল ৫টা ৩০ মিনিট ও সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে শিল্পকলা একাডেমির স্টুডিও থিয়েটার হলে মঞ্চস্থ হবে স্বপ্নদলের প্রযোজনা রবীন্দ্রনাথ ঠাকুরের কাব্যনাট্য ‘চিত্রাঙ্গদা’। নির্দেশনায় জাহিদ রিপন। শুক্রবার একই মঞ্চে একই সময়ে অনুষ্ঠিত হবে সেলিম আল দীনের লেখা ‘হরগজ’ নাটকের ৫২ ও ৫৩তম প্রদর্শনী।