সরকার দেশে ও বিদেশে এক কোটি কর্মসংস্থানের সুযোগ তৈরির লক্ষ্য নিয়ে কাজ করছে। এ লক্ষ্য বাস্তবায়নে তরুণদের দক্ষ করে তোলার পাশাপাশি বিশ্ববিদ্যালয়, শিল্প ও বাণিজ্যিক প্রতিষ্ঠানের মধ্যে সহযোগিতা বাড়ানোর ওপর গুরুত্ব দিচ্ছে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি)।
মঙ্গলবার কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে আয়োজিত ‘ইন্ডাস্ট্রি-একাডেমিয়া কোলাবোরেশন ইনিশিয়েটিভস’ শীর্ষক গোলটেবিল আলোচনা ও সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন ইউজিসির সদস্য অধ্যাপক ড. আব্দুল্লাহ-আল-মামুন।
অনুষ্ঠানে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের সঙ্গে ৪২টি শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান অংশ নেয়। পরে বিশ্ববিদ্যালয় ও অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলোর মধ্যে ছয়টি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়।
অধ্যাপক আব্দুল্লাহ-আল-মামুন বলেন, শুধু একাডেমিক জ্ঞানসম্পন্ন গ্র্যাজুয়েট তৈরি করলেই হবে না, তাদের কর্মক্ষেত্রের উপযোগী দক্ষতা অর্জনের সুযোগ দিতে হবে। শিল্পখাতের চাহিদা অনুযায়ী দক্ষ জনবল গড়ে তুলতে শিক্ষার্থীদের বাধ্যতামূলক ইন্টার্নশিপ ও চাকরির সুযোগ তৈরিতে ইউজিসি কাজ করছে।
তিনি বলেন, ২০৩০ সালের মধ্যে কর্মসংস্থানের লক্ষ্য অর্জনে শিক্ষার্থীদের তৃতীয় ভাষা শিক্ষা ও সফট স্কিলস প্রশিক্ষণের পাশাপাশি ইন্টার্নশিপ এবং ক্যারিয়ার সেন্টারের কার্যক্রম জোরদার করা হচ্ছে। বিশ্ববিদ্যালয়জীবন থেকেই শিল্পপ্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত হলে শিক্ষার্থীরা কর্মক্ষেত্রের চাহিদা বুঝে নিজেদের প্রস্তুত করতে পারবেন। এতে ভবিষ্যতে তারা উদ্যোক্তা হিসেবেও গড়ে ওঠার সুযোগ পাবেন।
শিক্ষার্থীদের উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে উদ্ভাবন তহবিল ও স্টার্টআপ সহায়তার উদ্যোগ নেওয়া হচ্ছে জানিয়ে ইউজিসির এই সদস্য বলেন, এর মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের জ্ঞান, গবেষণা ও উদ্ভাবনের সঙ্গে শিল্প ও অর্থনীতির সংযোগ আরও জোরদার হবে।
তিনি আরও বলেন, সরকারের কর্মসংস্থান পরিকল্পনায় তথ্যপ্রযুক্তি, বৈদেশিক কর্মসংস্থান ও তরুণ উদ্যোক্তা তৈরিতেও গুরুত্ব দেয়া হচ্ছে। ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে স্টার্টআপ, নারী ও তরুণ উদ্যোক্তাদের জন্য ৫০০ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে। পাশাপাশি সৃজনশীল অর্থনীতির বিকাশে ৮০০ কোটি টাকার কর্মপরিকল্পনা নেয়া হয়েছে।
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. এম এম শরীফুল করীমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি অধ্যাপক ড. মোহাম্মদ আমজাদ হোসেন সরকার ও কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ বেলাল উদ্দিনসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা বক্তব্য রাখেন।
৬টি প্রতিষ্ঠানের সঙ্গে কুবির এমওইউ স্বাক্ষর
১ কোটি কর্মসংস্থানে বিশ্ববিদ্যালয়-শিল্প সহযোগিতা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে: ইউজিসি সদস্য মামুন
স্টাফ রিপোর্টার
অনলাইন
২ ঘন্টা আগে
১৮ আগস্ট (মঙ্গলবার), ২০২৬, ৮ঃ২৭ (অপরাহ্ণ)
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
