মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প সামাজিক যোগাযোগমাধ্যমে এমন একটি মানচিত্র প্রকাশ করেছেন, যেখানে হরমুজ প্রণালিকে ‘নতুন’ মার্কিন ভূখণ্ড হিসেবে চিহ্নিত করা হয়েছে। মঙ্গলবার (১৮ আগস্ট) প্রকাশ করা ওই পোস্টে ট্রাম্প অবশ্য কোনো অতিরিক্ত মন্তব্য করেননি। খবর এবিসি নিউজের।
এর আগে গত সপ্তাহে ট্রাম্প জানান, তিনি ‘খুব শিগগিরই’ হরমুজ প্রণালিকে যুক্তরাষ্ট্রের ভূখণ্ড হিসেবে ঘোষণা করতে পারেন। তার সেই মন্তব্য ঘিরে আন্তর্জাতিক অঙ্গনে ব্যাপক আলোচনা তৈরি হয়। এরপরেই তিনি আজ এমন মানচিত্র প্রকাশ করলেন।
এদিকে ট্রাম্পের এমন পোস্টের পরই তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে ইরান। দেশটির উপ-পররাষ্ট্রমন্ত্রী কাজেম ঘারিবাবাদি ট্রাম্পের মানচিত্রটিকে সরাসরি ‘বিভ্রম’ বলে মন্তব্য করেছেন।
তিনি বলেন, ট্রাম্প মানচিত্রে ‘পারস্য উপসাগর’-এর নাম সঠিকভাবে লিখলেও হরমুজ প্রণালি নিয়ে তার এই ধারণা শিগগিরই হয় সংশোধন করা হবে, নয়তো ‘আমরাই এই বিভ্রমগ্রস্ত ব্যক্তির বিভ্রম সংশোধন করব।
হরমুজ প্রণালি বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহনপথ। পারস্য উপসাগর ও ওমান উপসাগরের মধ্যে অবস্থিত এই জলপথ দিয়ে বিশ্বের বিপুল পরিমাণ তেল ও গ্যাস আন্তর্জাতিক বাজারে পরিবহন করা হয়।
