উত্তর ইরাকের কুর্দিস্তান অঞ্চলের সুলাইমানিয়াহ শহরের কাছে একটি বড় জ্বালানি সংরক্ষণ ডিপোতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এই ঘটনায় অন্তত ২০ জন আহত হয়েছেন এবং আগুনে পুড়ে ধ্বংস হয়েছে কয়েক ডজন জ্বালানিবাহী ট্যাংকার। সোমবার মধ্যরাতের ঠিক আগে তাঞ্জারো এলাকার ওই গুদামে এই আগুন লাগে। এটি প্রদেশটির অন্যতম প্রধান জ্বালানি সরবরাহ কেন্দ্র। এ খবর দিয়েছে আল জাজিরা।
সুলাইমানিয়াহর ডেপুটি ডিরেক্টর জেনারেল হার্শ সাঈদ সেলিম স্থানীয় সংবাদমাধ্যমকে জানিয়েছেন, অগ্নিকাণ্ডে নিহতের কোনো ঘটনা ঘটেনি, তবে প্রায় ২০ জন সামান্য আহত হয়েছেন। আগুন ছড়িয়ে পড়ার সাথে সাথে স্থাপনাটিতে বেশ কয়েকটি বিস্ফোরণের ঘটনা ঘটে। খবর পেয়ে জরুরি উদ্ধারকারী দল ও নিরাপত্তা বাহিনীর সদস্যরা তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করেন।
স্থানীয় সূত্রের বরাতে জানা যায়, এই অগ্নিকাণ্ডে ৩৪টি পেট্রোল ট্যাংকার ও ৪টি গ্যাস-তেল ট্যাংকার পুরোপুরি ভস্মীভূত হয়েছে এবং ৩০ লাখ লিটারেরও বেশি জ্বালানি পুড়ে ছাই হয়ে গেছে। সুলাইমানিয়াহর ডেপুটি গভর্নর শাহো ওসমান নিশ্চিত করেছেন যে, আগুন এখন পুরোপুরি নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। তবে ঠিক কী কারণে এই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে, তা এখনও অস্পষ্ট। কর্তৃপক্ষ এখনও ক্ষয়ক্ষতির পূর্ণাঙ্গ চিত্র প্রকাশ করেনি।
