দক্ষিণ ফিলিপাইনের জাম্বোয়াঙ্গা শহরে একটি স্কুলে গোলাগুলির ঘটনায় হামলাকারীসহ দুই শিক্ষার্থী নিহত হয়েছে। মঙ্গলবার বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান ‘অ্যাটেনিও ডি জাম্বোয়াঙ্গা ইউনিভার্সিটি’র অধিভুক্ত একটি স্কুলে এই মর্মান্তিক ঘটনা ঘটে। দেশটির পুলিশ ও কর্মকর্তারা জানিয়েছেন, পরিস্থিতি এখন পুরোপুরি তাদের নিয়ন্ত্রণে রয়েছে। দুই মাসেরও কম সময়ের মধ্যে ফিলিপাইনে শিক্ষাপ্রতিষ্ঠানে এ নিয়ে দ্বিতীয়বার এমন গোলাগুলির ঘটনা ঘটল। এ খবর দিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
পুলিশের প্রাথমিক প্রতিবেদন অনুযায়ী, নবম শ্রেণির এক শিক্ষার্থী একটি পিস্তল ও একটি রাইফেল নিয়ে স্কুল ক্যাম্পাসে প্রবেশ করে। এরপর সে শ্রেণিকক্ষের ভেতরে শিক্ষার্থীদের লক্ষ্য করে আচমকা গুলি চালায়। এতে দশম শ্রেণির এক ছাত্র ঘটনাস্থলেই নিহত হয়।
পরে ওই হামলাকারী নিজেও অস্ত্র দিয়ে আত্মহত্যা করে। এর আগে গত জুন মাসে ট্যাকলোবান সিটির একটি সরকারি উচ্চ বিদ্যালয়ে দুই শিক্ষার্থীর চালানো একই ধরনের হামলায় অন্তত তিন শিক্ষার্থী নিহত এবং ২০ জন আহত হয়েছিল। ফিলিপাইনে বৈধ আগ্নেয়াস্ত্র রাখার ক্ষেত্রে কঠোর নিয়ম বাধ্যতামূলক হলেও অবৈধ অস্ত্রের বিস্তার থাকায় এমন ঘটনা ঘটছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে সেখানে সশস্ত্র পুলিশ ও সেনা মোতায়েন করা হয়েছে।
