বিএনপির সঙ্গে জনগণের সেতুবন্ধনের প্রত্যয়

জিয়াউর রহমান-খালেদা জিয়ার সমাধিতে স্থায়ী কমিটির নতুন ৪ সদস্যের শ্রদ্ধা

বিএনপির সঙ্গে জনগণের সেতুবন্ধনের প্রত্যয়

ফন্ট সাইজ:

শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন বিএনপির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির নতুন চার সদস্য। এসময় বিএনপির সঙ্গে জনগণের সেতুবন্ধন নির্মাণ করার প্রত্যয় ব্যক্ত করেন তারা।

মঙ্গলবার রাজধানীর শেরেবাংলা নগরে জাতীয় সংসদ ভবনসংলগ্ন সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন তারা। শ্রদ্ধা নিবেদন শেষে জিয়াউর রহমান ও খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

রুহুল কবির রিজভী বলেন, দলের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান তাদের চারজনকে সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরামের সদস্য মনোনীত করেছেন। যে আশা ও বিশ্বাস নিয়ে এই গুরুদায়িত্ব দেয়া হয়েছে, তা নিষ্ঠার সঙ্গে পালন করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন তিনি। রিজভী আরও উল্লেখ করেন, সরকারের নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী ইতিমধ্যে কৃষক ঋণ মওকুফ, ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ড বিতরণ এবং বৃক্ষরোপণ কর্মসূচিসহ বিভিন্ন জনকল্যাণমুখী পদক্ষেপ বাস্তবায়নের কাজ ত্বরান্বিত করা হয়েছে।

এসময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমান উল্লাহ আমান বলেন, আজকে আমাদের দলের সঙ্গে জনগণের ব্রিজ নির্মাণ করতে হবে। আমরা সরকারের সঙ্গে জনগণের ব্রিজ নির্মাণ করব। দল আমাদেরকে সুযোগ দিয়েছে। জনগণ দলকে সুযোগ দিয়েছে। আমরা জনগণকে নিয়ে এই দলকে, এই সরকারকে সহযোগিতার করবো। যেকোনো ত্যাগের বিনিময়ে আমরা বাস্তবায়ন করবো ইনশাআল্লাহ।

দলের আরেক স্থায়ী কমিটির সদস্য ফরহাদ হালিম ডোনার বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ওপরে অনেক অন্যায় ও অত্যাচার করা হয়েছে। তারপরেও কিন্তু তিনি তার বক্তব্যে হিংসার কোনো বহিঃপ্রকাশ ঘটাননি। আমাদের প্রধানমন্ত্রীর ওপরে অনেক অত্যাচার করা হয়েছে। কিন্তু তিনি এখন পর্যন্ত কোনো বিরোধী দল বা অন্য কাউকে অবজ্ঞা করে কোনো কথা বলেননি। এটি তার একটি মহৎ গুণ। জনগণ তাকে বিশ্বাস করেছে।

তিনি বলেন, দেশে কিছু সমস্যা আছে, বিদ্যুৎ এবং গ্যাসের। এটার জন্য উনি চেষ্টা করছেন। আশা করছি খুব অল্প সময়ের মধ্যে এই সমস্যার সমাধান হয়ে যাবে।

এসময় উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির নতুন সদস্য ইসমাইল জবিউল্লাহ। এছাড়াও বিএনপির চেয়ারম্যানের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব, যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেল, স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরাফত আলী সপু, সহ যুববিষয়ক সম্পাদক মীর নেওয়াজ আলী নেওয়াজ, ঢাকা জেলা বিএনপির সভাপতি ও সংসদ সদস্য খন্দকার আবু আশফাক, ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক ও সংসদ সদস্য এস এম জাহাঙ্গীরসহ দলেন বিভিন্ন সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।