ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের দাবিকে প্রত্যাখ্যান করেছে পাকিস্তান। অমিত শাহ দাবি করেছেন, ১২ই আগস্ট ভারতের ১৪টি রাজ্যে চালানো এক অভিযানে নিরাপত্তা সংস্থাগুলো পাকিস্তানের সঙ্গে সংশ্লিষ্ট বলে অভিযুক্ত ২০০ জনের বেশি ‘সন্ত্রাসীকে’ গ্রেপ্তার করেছে। ভারতের স্বাধীনতা দিবসের তিন দিন আগে এই অভিযান চালানো হয়। তার এ অভিযোগকে প্রত্যাখ্যান করে পাকিস্তান বলেছে, নয়াদিল্লির অভ্যন্তরীণ নিরাপত্তা সংকট থেকে দৃষ্টি সরানোর জন্য এটি একটি ‘বিদ্বেষপূর্ণ প্রচারণার’ অংশ। এ খবর দিয়েছে অনলাইন জিও নিউজ।
পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র তাহির আন্দ্রাবি এক বিবৃতিতে বলেন, পাকিস্তান এসব অভিযোগ প্রত্যাখ্যান করছে। অভ্যন্তরীণ রাজনৈতিক স্বার্থে ভারতবিরোধী নয়, বরং পাকিস্তানবিরোধী প্রচারণা চালানোর জন্য ভারতকে অভিযুক্ত করছে। আন্দ্রাবি বলেন, ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী পাকিস্তানকে ভারতের কিছু গ্রেপ্তারের সঙ্গে যুক্ত করার যে অভিযোগ করেছেন, পাকিস্তান তা কঠোরভাবে প্রত্যাখ্যান করছে।
অমিত শাহের দাবি, গ্রেপ্তার করা ব্যক্তিরা ‘শাহজাদ ভাট্টি নেটওয়ার্ক’ নামে একটি গোষ্ঠীর সঙ্গে যুক্ত। তাদের গ্রেপ্তারের মাধ্যমে পরিকল্পিত ‘নাশকতামূলক হামলা’ ঠেকানো সম্ভব হয়েছে বলেও তিনি দাবি করেন। পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, এ ধরনের প্রচারণা পাকিস্তানের বিরুদ্ধে ভারতের ‘বিদ্বেষপূর্ণ প্রচারণার’ আরেকটি উদাহরণ। এর মাধ্যমে ভারত নিজেদের অভ্যন্তরীণ নিরাপত্তা সংকট থেকে মানুষের দৃষ্টি সরানোর পাশাপাশি সীমিত অভ্যন্তরীণ রাজনৈতিক স্বার্থে পাকিস্তানকে দায়ী করার চেষ্টা করছে।
আন্দ্রাবি বলেন, অভ্যন্তরীণভাবে ভারত একটি দমনমূলক রাষ্ট্র, যেখানে সংখ্যালঘুদের ওপর নির্মমভাবে নিপীড়ন চালানো হচ্ছে এবং ভিন্নমত দমন করা হচ্ছে। তিনি আরও বলেন, আন্তর্জাতিক ক্ষেত্রে ভারত সন্ত্রাস রপ্তানি করছে এবং সন্ত্রাসীদের সহায়তা করছে। আন্দ্রাবির দাবি, ভিত্তিহীন ভারতীয় ইঙ্গিত আন্তর্জাতিক সম্প্রদায়ের দৃষ্টি ভারতের রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় পরিচালিত সন্ত্রাসবাদ, টার্গেট কিলিং এবং বিদেশের ভূখণ্ডে নাশকতামূলক কর্মকাণ্ড থেকে সরাতে পারবে না। তিনি বলেন, পাকিস্তানে সন্ত্রাসবাদ ও অস্থিতিশীলতা সৃষ্টির কর্মকাণ্ডে ভারতের সম্পৃক্ততার প্রমাণ পাকিস্তান বারবার আন্তর্জাতিক সম্প্রদায়ের সামনে তুলে ধরেছে।
