একদিনে ১৪টি রাজ্য থেকে ২৫৩ জন সন্দেহভাজন আটক

ভারতের স্বরাষ্ট্রমন্ত্রীর দাবি

একদিনে ১৪টি রাজ্য থেকে ২৫৩ জন সন্দেহভাজন আটক

ফন্ট সাইজ:

ভারতে সম্প্রতি এক দিনে ১৪টি রাজ্যে অভিযান চালিয়ে ২৫৩ জন সন্দেহভাজন সন্ত্রাসবাদী ও তাদের সহযোগীকে গ্রেপ্তার করা হয়েছে। ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এই তথ্য জানিয়ে বলেছেন, স্বাধীনতা দিবসের আগেই ধ্বংস করা হয়েছে ভারতে সক্রিয় আইএসআই মদতে পুষ্ট সন্ত্রাসবাদী গোষ্ঠী শাহজাদ ভাট্টি নেটওয়ার্ককে। ব্যর্থ করে দেয়া হয়েছে নাশকতার পরিকল্পনা।

সমাজমাধ্যমে এক পোস্টে তিনি লিখেছেন, ‘নিরাপত্তা বাহিনী ১২ আগস্ট ১৪টি রাজ্যের বিভিন্ন স্থানে সমন্বয়ের ভিত্তিতে অভিযান চালিয়ে নেটওয়ার্কটিকে ছিন্নভিন্ন করেছে। সন্ত্রাসবাদের প্রতি ভারত জ়িরো টলারেন্স (শূন্য সহনশীলতা)-এর এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে।’

পাকিস্তানি গুপ্তচর সংস্থা আইএসআই-এর সাহায্যপুষ্ট ভাট্টি নেটওয়ার্কের বিভিন্ন ঠিকানা থেকে আইইডি (ইম্প্রোভাইজ়ড এক্সপ্লোসিভ ডিভাইস), পাকিস্তান অর্ডন্যান্স ফ্যাক্টরির চিহ্নযুক্ত গ্রেনেড, পিস্তল, কার্তুজ এবং গুপ্তচরবৃত্তির কাজে ব্যবহৃত সিসি ক্যামেরাসহ নানা সামগ্রী উদ্ধার করা হয়েছে।

স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে সোমবার জানানো হয়েছে, পাকিস্তান নিয়ন্ত্রিত এই সন্ত্রাসবাদী চক্র, ভারত জুড়ে গ্রেনেড, আইইডি এবং পেট্রল বোমা হামলা এবং বেছে বেছে খুনের (টার্গেটেড কিলিং) সঙ্গে যুক্ত। নেটওয়ার্কটি পুলিশ, প্রতিরক্ষা ও ধর্মস্থানগুলোর পরিস্থিতি পর্যবেক্ষণ (রেকি) করতে এবং গুপ্তচরবৃত্তির জন্য সিসিটিভি ক্যামেরা বসাতে স্থানীয় সহযোগীদেরও অর্থসাহায্য করছিল।

সংবাদ মাধ্যম সূত্রের খবর, এদের মধ্যে উত্তরপ্রদেশ থেকে ৬২ জনকে ধরা হয়েছে। এ ছাড়া রয়েছে হরিয়ানা থেকে ৫২ জন, দিল্লি থেকে ৫১জন, পঞ্জাব থেকে ৪৪ জন, রাজস্থান থেকে ১৫ জন, মহারাষ্ট্র থেকে ৮ জন, উত্তরাখণ্ড থেকে ৫ জন এবং কর্নাটক, গুজরাত, বিহার থেকে ৩ জন করে, তেলেঙ্গানা, হিমাচল প্রদেশ, জম্মু-কাশ্মীর ও কেরল থেকে ২ জন করে।