সিরাজগঞ্জে ট্রাক-পিকআপ মুখোমুখি সংঘর্ষে ব্যবসায়ীর মৃত্যু

দুই ঘণ্টা সড়ক অবরোধ

সিরাজগঞ্জে ট্রাক-পিকআপ মুখোমুখি সংঘর্ষে ব্যবসায়ীর মৃত্যু

ফন্ট সাইজ:

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ট্রাক-পিকআপের মুখোমুখি সংঘর্ষে সাদ্দাম হোসেন (৩০) নামে এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় পিকআপ চালকও গুরুতর আহত হয়েছেন। সোমবার দিবাগত রাত সাড়ে ৩ টার দিকে উপজেলার বগুড়া-নগরবাড়ি মহাসড়কের পাটধারী বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত সাদ্দাম হোসেন নাটোরের সিংড়া উপজেলার গোয়াল বাথান গ্রামের সাদেক আলীর ছেলে। তিনি পেশায় একজন দুধ ব্যবসায়ী।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানায়, নিহত সাদ্দাম হোসেন একজন দুধ ব্যবসায়ী। তিনি একটি পিকআপ নিয়ে সিংড়া থেকে শাহজাদপুরের দিকে যাচ্ছিলেন। পাটধারী বাজার এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই সাদ্দাম হোসেনের মৃত্যু হয়। গুরুতর আহত হন পিকআপ চালক।

পরে ঘটনাস্থলে হাইওয়ে পুলিশ পৌঁছাতে বিলম্ব হওয়ায় ভোর সাড়ে ৫ টা থেকে সকাল সাড়ে ৭টা পর্যন্ত বগুড়া-নগরবাড়ি সড়ক অবরোধ করে রাখেন স্থানীয়রা। এতে সড়কের উভয়পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।

হাটিকুমরুল হাইওয়ে থানার এসআই কিশোর কুমার পাল এ ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি মানবজমিনকে জানান, বিষয়টি আমরা তাৎক্ষণিকভাবে না জানায় ঘটনাস্থলে পৌঁছাতে একটু বিলম্ব হয়। এতে স্থানীয়রা ক্ষুব্ধ হয়ে সড়ক অবরোধ করেছিল। পরে তাদের বিষয়টি বুঝিয়ে যান চলাচল স্বাভাবিক করা হয়েছে। মরদেহটি উদ্ধার করে নিহত পরিবারের কাছে হস্তান্তর করেছেন তারা।