নির্ধারিত সময়ে লীগ শুরুর আশা

চ্যালেঞ্জ কাপ হচ্ছে না

নির্ধারিত সময়ে লীগ শুরুর আশা

ফন্ট সাইজ:

ঘরোয়া ফুটবলের নতুন মৌসুম মাঠে গড়ানোর আগেই বড় ধাক্কা। চ্যালেঞ্জ কাপ দিয়ে মৌসুম শুরুর কথা থাকলেও ফিফা নিষেধাজ্ঞায় ম্যাচটি হচ্ছে না। নতুন মৌসুমকে সামনে রেখে এখনো কোনো ফুটবলারকে দলে ভেড়াতে পারেনি এ দুই ক্লাব। নানা সংকট থাকলেও নির্ধারিত সময়ে লীগ আয়োজনের ব্যাপারে আশাবাদী বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাপতি তাবিথ আউয়াল।

ঘরোয়া ফুটবলে চ্যালেঞ্জ কাপ নতুন সংযোজন। লীগ চ্যাম্পিয়ন ও ফেডারেশন কাপ চ্যাম্পিয়নের মধ্যকার ম্যাচ দিয়ে নতুন মৌসুম শুরু করাই এই আয়োজনের মূল উদ্দেশ্য। তবে একই দল লীগ ও ফেডারেশন কাপ উভয় শিরোপা জিতলে লীগ রানার্সআপ দল চ্যালেঞ্জ কাপে খেলার সুযোগ পায়। গত দুই মৌসুমে বসুন্ধরা কিংস ও মোহামেডান স্পোর্টিং ক্লাব চ্যালেঞ্জ কাপ খেলেছিল। দু’বারই শিরোপা জেতে কিংস। এবার আবাহনীর খেলার সুযোগ তৈরি হলেও শেষ পর্যন্ত মাঠে গড়াচ্ছে না ম্যাচটি। আগামী ২৫শে আগস্ট ফেডারেশন কাপ এবং ২৮শে আগস্ট লিগ শুরু হওয়ার কথা রয়েছে। কিন্তু আবাহনী ও বসুন্ধরা কিংস এখনো খেলোয়াড় নিবন্ধন করতে পারেনি। ওয়ান্ডারার্স ও আরামবাগও মাত্র দুই সপ্তাহ আগে লীগে খেলার অনুমতি পেয়েছে। তারাও নিবন্ধনের জন্য বাড়তি সময় চাচ্ছে। তবে সবকিছু ঘোষিত সূচি অনুযায়ী শুরু করার আশাবাদ ব্যক্ত করেছেন বাফুফে সভাপতি তাবিথ আউয়াল। তিনি বলেন, ‘২১ আগস্টে চ্যালেঞ্জ কাপ হচ্ছে না। আজ ক্লাব লাইসেন্সিংয়ের শেষ দিন। আমরা আজ রাত পর্যন্ত অপেক্ষা করবো। এরপর সিদ্ধান্ত নেবো। ফেডারেশন কাপ ও লীগ ঘোষিত সূচি অনুযায়ী শুরুর ইচ্ছে রয়েছে।’
বাফুফে সভাপতির আশার মধ্যেও বসুন্ধরা কিংসকে ঘিরে অনিশ্চয়তা কাটেনি।

ক্লাবটির ওপর এখনো ১০টি ফিফা নিষেধাজ্ঞা রয়েছে। বাফুফের সঙ্গে ক্লাবগুলোর আলোচনা সভায় কিংসের প্রতিনিধি কোচ সৈয়দ গোলাম জিলানী নিষেধাজ্ঞা প্রত্যাহারের জন্য আরও সাত কর্মদিবস সময় চেয়েছেন। এই সময়ের মধ্যে নিষেধাজ্ঞা উঠলে ক্লাব লাইসেন্সিংয়ের জন্য আবেদন করার সুযোগ পাবে কিংস। এরপর খেলোয়াড় নিবন্ধনের পথও খুলবে। চলতি দলবদলের সময়সীমা ৩রা সেপ্টেম্বর পর্যন্ত। তবে আগস্টের শেষ সপ্তাহে ফেডারেশন কাপ ও লীগ শুরুর সূচি থাকায় ১৯ আগস্টের মধ্যে খেলোয়াড় নিবন্ধনের বাধ্যবাধকতা রয়েছে।

এ কারণে অনেক ক্লাবই ৩রা সেপ্টেম্বর পর্যন্ত নিবন্ধনের সুযোগ দেয়ার দাবি জানিয়েছে। এদিকে মোহামেডান ইতোমধ্যে খেলোয়াড় নিবন্ধন সম্পন্ন করেছে। তবে এখনো কোচ চূড়ান্ত করেনি তারা। বিদেশি খেলোয়াড়ও ঢাকায় আসেননি।