যুক্তরাষ্ট্রে মা ও ছোট ভাইকে হত্যা করেছে এক কিশোর। হত্যার পূর্বে ১৭ বছর বয়সী ওই কিশোর কৃত্রিম বুদ্ধিমত্তা ‘চ্যাটজিপিটি’ ব্যবহার করেছিল। সেখানে সে পরিবারকে হত্যার কাল্পনিক গল্প ও পরিকল্পনা তৈরি করে। গত মঙ্গলবার ম্যাসাচুসেটসের একটন শহরের নিজ বাড়ি থেকে ৪৫ বছর বয়সী সুধা ভেঙ্কটেশন এবং তার ১৪ বছর বয়সী ছেলে সিদ্ধার্থ অরবিন্দের মরদেহ উদ্ধার করে পুলিশ। এ খবর দিয়েছে অনলাইন সিএনএন ।
মিডলসেক্স কাউন্টির ডিস্ট্রিক্ট অ্যাটর্নি মারিয়ান রায়েন সাংবাদিকদের জানান, অভিযুক্ত অর্জুন অরবিন্দ বেশ কিছুদিন ধরেই অস্বাভাবিক আচরণ করছিল। সে চ্যাটজিপিটির মাধ্যমে গোথিক ঘরানার গল্প তৈরি, চরিত্র নির্মাণ এবং তার পরিবারের সদস্যরা বেঁচে না থাকলে কী ঘটতে পারে এমন সব কাল্পনিক পরিস্থিতি নিয়ে অনুসন্ধান চালাচ্ছিল। ঘটনাস্থল থেকে রক্তমাখা একটি ল্যাপটপ এবং একটি বাঁকানো ছুরি উদ্ধার করেছে পুলিশ। অভিযুক্ত কিশোরের বাবা জানিয়েছেন, গত এক বছর ধরে অর্জুনের আচরণগত সমস্যা দেখা দেওয়ায় তার হাত থেকে ছুরি লুকিয়ে রাখা হতো।
হত্যাকাণ্ডের পর মায়ের গাড়ি নিয়ে পালিয়ে যাওয়া অর্জুনকে পরদিন পার্শ্ববর্তী শহর থেকে গ্রেপ্তার করা হয়। আদালতে সে নিজেকে নির্দোষ দাবি করেছে। আদালত তাকে আটক রাখার নির্দেশ দিয়ে মানসিক স্বাস্থ্য মূল্যায়নের জন্য পাঠিয়েছে। অপরাধমূলক কর্মকাণ্ডে কৃত্রিম বুদ্ধিমত্তার এমন সংশ্লিষ্টতা নিয়ে বিশ্বজুড়ে উদ্বেগ বাড়ছে। শিশুদের সুরক্ষায় গাফিলতির অভিযোগে চ্যাটজিপিটির নির্মাতা প্রতিষ্ঠান ওপেনএআই-এর বিরুদ্ধে আগেই মামলা হয়েছে। আগামী ১১ সেপ্টেম্বর এই মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে।
