তৃণমূল কংগ্রেসের সাবেক বিধায়ক ও পশ্চিমবঙ্গ বিধানসভার সাবেক ডেপুটি স্পিকার রামপুরহাটের আশিস বন্দ্যোপাধ্যায়কে রোববার সকালে রহস্যজনক পরিস্থিতিতে মৃত অবস্থায় পাওয়া গেছে। তার নিজের বাড়ি লাগোয়া দলের কার্যালয়ের ভেতর ঝুলন্ত অবস্থায় তার মরদেহ উদ্ধার করা হয়। ঘটনাস্থল থেকে একটি সুইসাইড নোটও উদ্ধার হয়েছে। আশিসের মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। এ খবর দিয়েছে অনলাইন ইন্ডিয়ান এক্সপ্রেস।
সাবেক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে পশ্চিমবঙ্গ বিধানসভার ডেপুটি স্পিকার হিসেবে দায়িত্ব পালন করেছিলেন আশিস। রামপুরহাটের পাঁচবারের বিধায়ক ছিলেন তিনি। তবে ২০২৬ সালের বিধানসভা নির্বাচনে বিজেপি প্রার্থী ধ্রুব সাহার কাছে পরাজিত হন।
বীরভূমের পুলিশ সুপার বিদিত রাজ ভুন্ডেশ বলেন, প্রাথমিকভাবে এটি আত্মহত্যার ঘটনা।
আমরা একটি সুইসাইড নোট পেয়েছি। সেখানে তিনি লিখেছেন, ‘আমার মৃত্যুর জন্য কেউ দায়ী নয়।’ রামপুরহাটের ৫ নম্বর ওয়ার্ডের হাতালাপাড়ায় বসবাস করতেন আশিস। তার বাড়ির সঙ্গে লাগোয়া ছিল তৃণমূলের একটি দলীয় কার্যালয়। রোববার সকালে সেখান থেকে তার মরদেহ উদ্ধারের পর এলাকায় মানুষের ভিড় জমে যায়। খবর পেয়ে রামপুরহাট থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে এবং ময়নাতদন্তের জন্য পাঠায়।
তৃণমূলের প্রবীণ নেতা আশিস ২০০১ থেকে ২০২৬ সাল পর্যন্ত রামপুরহাটের বিধায়ক ছিলেন। রাজ্যে তৃণমূল ক্ষমতায় আসার পর মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্ত্রিসভায় একাধিকবার জায়গা পেয়েছিলেন তিনি। এর আগে তিনি রাজ্যের স্কুলশিক্ষা মন্ত্রী এবং কৃষিমন্ত্রীর দায়িত্বও পালন করেন। তবে মন্ত্রিসভায় এর বাইরে আর বড় কোনো দায়িত্ব পাননি। একসময় অনুব্রত ম-ল বীরভূম জেলা তৃণমূলের সভাপতি থাকাকালে আশিস তার ঘনিষ্ঠ সহযোগী হিসেবে পরিচিত ছিলেন। তবে অনুব্রতর প্রভাবের কারণে জেলা রাজনীতিতে আশিসের বড় ধরনের উত্থানের সুযোগ সীমিত ছিল।
