লিজের জমি দখলের চেষ্টা

ফন্ট সাইজ:

বরগুনার আমতলীতে ভোগদখলীয় লিজ নেয়া কৃষিজমি দখলের চেষ্টা ও চাঁদা দাবির অভিযোগ উঠেছে। ভোগদখলীয় লিজকৃত ৬৩ শতাংশ জমিতে জোরপূর্বক চাষাবাদের জন্য আঃ রব গাজী গংরা দখলের চেষ্টা চালায়। তবে পুলিশের হটলাইন নম্বরে কল দিলে পুলিশ ঘটনাস্থলে গেলে জমি দখলের চেষ্টা চালানো লোকজন পালিয়ে যায় এমন অভিযোগ করেন লিজ নিয়ে ভোগদখলে থাকা আবুল কালাম। ঘটনা ঘটেছে আমতলী উপজেলার নীলগঞ্জ গ্রামে। জানা যায়, উপজেলার ছোট নীলগঞ্জ গ্রামের আবুল কালাম ও মো. বশির উদ্দীন সকারের কাছ থেকে লিজ নিয়ে এসব জমিতে ১৯ বছর ধরে চাষাবাদ করে আসছেন। এবং নিয়মিত লিজমানি পরিশোধ করছেন।

১৯ বছর আগে বাংলা ১৪১৩ সাল থেকে ১৪২১ সাল পর্যন্ত লিজি আইয়ুব গাজী লিজমানি পরিশোধ না করার দায়ে যথারীতি নোটিশ জারি করে বিধি মোতাবেক উল্লিখিত সম্পত্তি বর্তমান লিজগ্রহীতার পিতা হানিফ হাং এর নামে ১.৬৩ একর এবং মো. রুস্তুম আলীর নামে ০.১২ একর জমি বকেয়া লিজমানি আদায় সাপেক্ষে লিজ প্রদান করে। পরবর্তীতে লিজ গ্রহীতা হানিফ মৃত্যুবরণ করলে তার পুত্র মো. কালাম হাং ও মো. বশির উদ্দিনের নামে হালসন লিজ নবায়ন করে। গত ১৪ই আগস্ট বিকালে জমি জোরপূর্বক দখলের চেষ্টা চালায় রব গাজী, আইয়ুব গাজী, রফিক গাজী, আল-আমীন গাজীসহ অনেকে। এ সময় কালাম ৯৯৯ এ কল দিলে পুলিশ এসে ঘটনাস্থলে পরিদর্শন করে।

আবুল কালাম জানায়, এসব জমি ১৯ বছর ধরে বৈধভাবে চাষাবাদ করে আসছি। কিন্তু রব গাজী গংরা বিভিন্ন সময় চাঁদা দাবি ও জোরপূর্বক দখলের চেষ্টা চালায়। অপর লিজ গ্রহীতা বশির উদ্দীন জানায়, সরকার আমাদের লিজ দেয়ার আগে তাদের ৮ বছরের লিজের টাকা আমাদের পরিশোধ করতে হয়েছে। আমরা ১৯ বছর সরকারকে রাজস্ব দিয়ে আসছি। বর্তমান লিজের সময় এখনো শেষ হয়নি। এ বিষয়ে রব গাজীর সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি। আমতলী সহকারী কমিশনার (ভূমি) মো. আশরাফুল ইসলাম বলেন, বিষয়টি ক্ষতিয়ে দেখা হচ্ছে। একাধিক পক্ষ আবেদন করছে। যাচাই বাছাই শেষ হলে পুনরায় দেয়া হবে।