প্র্রেসিডেন্ট নির্বাচন

মনোনয়ন বাছাই আজ

ফন্ট সাইজ:

বাংলাদেশের ২৩তম প্রেসিডেন্ট নির্বাচনকে সামনে রেখে জমা পড়া মনোনয়নপত্রের বাছাই হবে আজ (রোববার)। নির্বাচন কমিশন (ইসি) জানিয়েছে, রোববার সকাল ১০টা থেকে নির্বাচন কমিশন ভবনে মনোনয়নপত্র যাচাই বাছাই শুরু হবে। এবার প্রেসিডেন্ট পদে মোট তিনটি মনোনয়নপত্র জমা পড়েছে। এর মধ্যে বিএনপি’র প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নামে একটি এবং ১১ দলীয় জোটের প্রার্থী কর্নেল (অব.) অলি আহমেদের নামে দুটি মনোনয়নপত্র জমা পড়েছে।

ইসি সচিব আখতার আহমেদ জানিয়েছেন, প্রধান নির্বাচন কমিশনার ও নির্বাচনী কর্মকর্তা মনোনয়নপত্রগুলো পরীক্ষা করবেন। মনোনয়নপত্রে সংসদ সদস্যদের প্রস্তাবক ও সমর্থকের স্বাক্ষরসহ প্রয়োজনীয় বিষয় যাচাই করা হবে। অলি আহমেদের নামে দুটি মনোনয়নপত্রের বিষয়ে তিনি বলেন, প্রথমটি যাচাইয়ের পর প্রয়োজন হলে দ্বিতীয়টি পরীক্ষা করা হবে। মনোনয়নপত্র বাছাই শেষে বৈধ প্রার্থীদের তালিকা প্রকাশ করা হবে। প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ১৮ই আগস্ট বিকাল ৪টা। একাধিক বৈধ প্রার্থী থাকলে ২০শে আগস্ট জাতীয় সংসদের অধিবেশন কক্ষে ভোট হবে। ভোটগ্রহণ চলবে দুপুর ২টা থেকে বিকাল ৫টা পর্যন্ত। তফসিল অনুযায়ী, ২০শে আগস্ট ভোটের মাধ্যমে দেশের ২৩তম প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।