মেহেরপুর জেলা শহরের বিভিন্ন স্থানে তারে লাগানো ছিল বোমাসদৃশ বস্তু। আতঙ্ক ছড়িয়ে পড়ে পুরো এলাকায়। শেষ পর্যন্ত বোমাসদৃশ্য বস্তু থেকে বেজে ওঠে বঙ্গবন্ধুর ভাষণ। শনিবার সকাল সাড়ে ৯টার দিকে মেহেরপুর বিশ্ববিদ্যালয়ের সামনে, শহরের কোর্টমোড় ও ড. শহীদ সামসুজ্জোহা পার্কের সামনে থেকে উদ্ধার করা হয় ওই বস্তুগুলো। তবে পুলিশ বলছে আতঙ্কিত হওয়ার কিছু নেয়, এগুলো বোমা নয়। পুলিশ জানায়, সকালে মেহেরপুর বিশ্ববিদ্যালয়ের সামনে বৈদ্যুতিক খুঁটির বিভিন্ন তারের সঙ্গে একটি বক্স আকৃতির বস্তু দেখতে পায় সাধারণ মানুষ। বোমাসদৃশ বস্তু বলে আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকায়। পরে সদর থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে সাধারণ মানুষের সহায়তায় বক্সটি নামানো হয়। রাখা হয় পানি ভর্তির একটি বালতির ভেতর। কিছুক্ষণ পর কেটে দেয়া হয় ব্যাটারির সঙ্গে তারের সংযোগগুলো। বক্সটি খুলে দেখা যায় সাউন্ড বক্স আকৃতির একটি বস্তু।
এরপর বৈদ্যুতিক খুঁটির তারের সঙ্গে আরও দু’টি বস্ত রাখার খবর আসে। পরে উদ্ধার করা হয় কোর্ট মোড়ের বস্তুটি। পথচারীরা জানায়, সকাল সোয়া ৯টা থেকে পার্কের সামনের বক্স থেকে বাজতে থাকে বঙ্গবন্ধুর ভাষণ। দ্রুত পুলিশ সেখানে এসে বক্সটি নামিয়ে আনে। তিনটি বস্তু উদ্ধার করে থানায় নেয়া হয়েছে। সদর থানার ওসি হুমায়ন কবীর জানান, আতঙ্কিত হওয়ার কিছু নয়। এগুলো কোনো বোমাসদৃশ বস্তু নয়। বস্তুগুলো উদ্ধার করে থানায় নেয়া হয়েছে। কে বা কারা রেখেছে তার অনুসন্ধান চলছে। সেই সঙ্গে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনা হবে।
