ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রবাসী ভোটিংয়ের অভিজ্ঞতা বিনিময়ে শ্রীলঙ্কা যাচ্ছেন নির্বাচন কমিশন (ইসি)। আগামী ৩১শে আগস্ট সুবিধাজনক কোনো সময়ে শ্রীলঙ্কার উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করবেন। সফর শেষে ৩রা সেপ্টেম্বর অথবা উপযুক্ত কোনো তারিখে তাদের ঢাকায় ফেরার কথা রয়েছে। শনিবার ইসি কর্মকর্তারা বিষয়টি জানিয়েছেন।
নির্বাচন কমিশনের এক আদেশে জানানো হয়েছে, শ্রীলঙ্কায় অনুষ্ঠেয় ‘রিজিওনাল কনফারেন্স অন আউট-অফ-কান্ট্রি ভোটিং (ঙঈঠ)’-এ অংশ নিতে নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ এবং নির্বাচন কমিশন সচিবালয়ের এনআইডি উইংয়ের সিস্টেম অ্যানালিস্ট মামুনুর হোসেন দেশটিতে সফর করবেন।
আগামী ১ ও ২রা সেপ্টেম্বর শ্রীলঙ্কার নির্বাচন কমিশনের উদ্যোগে এবং ইন্টারন্যাশনাল ফাউন্ডেশন ফর ইলেক্টোরাল সিস্টেমের সহযোগিতায় এ আঞ্চলিক সম্মেলন অনুষ্ঠিত হবে।
আদেশ অনুযায়ী, সফরকারীরা ৩১শে আগস্ট সুবিধাজনক কোনো সময়ে শ্রীলঙ্কার উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করবেন। সফর শেষে ৩রা সেপ্টেম্বর অথবা উপযুক্ত কোনো তারিখে তাদের ঢাকায় ফেরার কথা রয়েছে। সফরের পুরো সময় এবং যাতায়াত ও ট্রানজিটের সময়কে দায়িত্বকাল হিসেবে গণ্য করা হবে। তারা স্থানীয় মুদ্রায় বেতন-ভাতা গ্রহণ করবেন এবং এ বাবদ কোনো অর্থ বৈদেশিক মুদ্রায় উত্তোলন করা যাবে না। সফরের যাবতীয় ব্যয় বহন করবে ইন্টারন্যাশনাল ফাউন্ডেশন ফর ইলেক্টোরাল সিস্টেমস। আদেশে সফরটিকে সরকারি বা অফিসিয়াল সফর হিসেবে উল্লেখ করা হয়েছে।
