জাতীয় বিশ্ববিদ্যালয়ে কারিগরি শিক্ষার অন্তর্ভুক্তি নিয়ে আলোচনা দীর্ঘদিনের। এরই অংশ হিসেবে বিশ্ববিদ্যালয়ে অনুমোদন দেয়া হয়েছে দক্ষতাভিত্তিক পাঁচটি কোর্সের। বিশ্ববিদ্যালয়ে স্কিল-বেইজড পিজিডি প্রোগ্রামে ফ্রিল্যান্সিংয়ের আওতায় গ্রাফিকস ডিজাইন, ভিডিও এডিটিং ও ওয়েব ডিজাইন, কালিনারি সায়েন্স (শেফ) এবং হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট বিষয় অন্তর্ভুক্তির অনুমোদন দেয়া হয়েছে। একইসঙ্গে স্নাতক (পাস) ও স্নাতক (সম্মান) প্রোগ্রামের দ্বিতীয় বর্ষে চার ক্রেডিটের অ্যাপ্লাইড আইসিটি এবং প্রথম বর্ষে ফাংশনাল ইংরেজি কোর্স চালুর সিদ্ধান্ত হয়েছে। এ ছাড়াও শিক্ষক সংকট দূর করতে বিদ্যালয়ের মতো জাতীয় বিশ্ববিদ্যালয়ে খণ্ডকালীন শিক্ষকদের পুল গঠনের সিদ্ধান্ত নেয়া হয়েছে। এতে যোগ হবেন অবসরপ্রাপ্ত যোগ্য ও অভিজ্ঞ শিক্ষক এবং সংশ্লিষ্ট বিষয়ে দক্ষ বিশেষজ্ঞরা।
শনিবার গাজীপুরে বিশ্ববিদ্যালয়ের মূল ক্যাম্পাসে অনুষ্ঠিত ১০৩তম একাডেমিক কাউন্সিল সভায় এসব সিদ্ধান্ত নেয়া হয়। ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এ এস এম আমানুল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশ্ববিদ্যালয়ের মিশন ও ভিশন অনুমোদন দেয়া হয়। বিশ্ববিদ্যালয় মনে করছে, এসব উদ্যোগের ফলে শিক্ষক সংকট মোকাবিলার পাশাপাশি শিক্ষার্থীদের নিয়মিত ও মানসম্মত পাঠদান নিশ্চিত করা সহজ হবে। একইসঙ্গে দক্ষতাভিত্তিক ও কর্মমুখী শিক্ষা, তথ্যপ্রযুক্তিনির্ভর শিক্ষাব্যবস্থা এবং উচ্চশিক্ষার মানোন্নয়নেও এর ইতিবাচক প্রভাব পড়বে।
