সিরাজগঞ্জ-৩ আসনের এমপি আয়নুল হকের ওপর হামলা, গাড়ি ভাঙচুর

সিরাজগঞ্জ-৩ আসনের এমপি আয়নুল হকের ওপর হামলা, গাড়ি ভাঙচুর

ফন্ট সাইজ:

সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ-তাড়াশ) আসনের সংসদ সদস্য ভিপি আয়নুল হকের ওপর দুর্বৃত্তদের হামলার ঘটনা ঘটেছে। এ সময় তার গাড়ির কিছু অংশ ভাঙচুর করা হয়।

শনিবার সন্ধ্যা ৬ টার দিকে রায়গঞ্জ উপজেলার ধানগড়া বাজার এলাকায় এ হামলার ঘটনা ঘটে। পরে আয়নুল হক দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে তার সঙ্গে থাকা ফয়সাল বিশ্বাসের ফেসবুক আইডি থেকে দেয়া লাইভে ভিপি আইনুল হক অভিযোগ করে বলেন, দেশের মানুষের জন্য কাজ করার উদ্দেশ্যে তারা বের হয়েছিলেন। এ সময় কিছু দুষ্কৃতকারী হত্যার উদ্দেশ্যে তার ওপর হামলা চালিয়েছে। সরকার দলীয় একজন সংসদ সদস্যও এখন তিনি নিরাপদে নেই বলে মন্তব্য করেন।

এ সময় এমপির গাড়িতে থাকা ফয়সাল বিশ্বাস ফেসবুক লাইভে অভিযোগ করে বলেন, জামায়াতে ইসলাম, ছাত্রশিবির ও বৈষম্যবিরোধী আন্দোলনের নেতা-কর্মীরা এমপির গাড়িবহরে হামলা করেছে।

অতিরিক্ত পুলিশ সুপার (রায়গঞ্জ সার্কেল) সাইফুল ইসলাম খান এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, হামলায় এমপি আঘাত প্রাপ্ত হয়নি। তবে গাড়ির কিছু অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। আমরা বিষয়টি নিয়ে কাজ করছি। পরে বিস্তারিত জানা যাবে। এদিকে এ হামলার খবর ছড়িয়ে পড়লে বিএনপির স্থানীয় নেতাকর্মী প্রতিবাদ জানিয়ে বিক্ষোভ মিছিল করেছেন।

জেলা বিএনপির সহ-প্রচার সম্পাদক ও ধানগড়া ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক রেজাউল করিম খান জানান, উপজেলায় কারিগরি শিক্ষা ও প্রশিক্ষণ কেন্দ্র স্থাপনের বিষয় নিয়ে আজ ধানগড়া বাজারে জরুরি মতবিনিময় সভা ছিল। সভাস্থলেই এ হামলার ঘটনা ঘটেছে। আমি শহরে থাকায় সেখানে উপস্থিত ছিলাম না। একটু আগে বিষয়টি জানার পর রায়গঞ্জের উদ্দেশ্য রওনা হয়েছি। এদিকে এ হামলাকে কেন্দ্র উপজেলা জুড়ে চরম উত্তেজান বিরাজ করছে।