সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মনিরুল হক চৌধুরীর নির্দেশে এবং কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা বিএনপির নেতাকর্মীদের অনুরোধে দীর্ঘদিনের মান-অভিমান ভুলে আবারও পুরোপুরি দলীয় কর্মকাণ্ডে সক্রিয় হলেন কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আবুল বাশার।
বৃহস্পতিবার দুপুরে কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার নিয়ালবাগ এলাকায় আবুল বাশারের নিজ বাড়িতে গিয়ে তাকে দলীয় কর্মকাণ্ডে ফিরে আসার অনুরোধ জানান উপজেলা বিএনপি, ইউনিয়ন বিএনপি ও যুবদলের কয়েকশ' নেতাকর্মী। নেতাকর্মীদের অনুরোধ ও ভালোবাসায় সাড়া দিয়ে আবুল বাশারও সব মান-অভিমান ভুলে পুনরায় দলীয় কর্মকাণ্ডে সক্রিয়ভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
এ সময় উপস্থিত ছিলেন কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট আখতার হুসাইন, সাধারণ সম্পাদক ওমর ফারুক চৌধুরী, উপজেলা ভাইস চেয়ারম্যান ইসমাইল হোসেন মজুমদার, যুগ্ম আহ্বায়ক মিনহাজ হোসেন শামীম মেম্বার, সাংগঠনিক সম্পাদক আব্দুল হাই সুরুজ, উপজেলা বিএনপি নেতা আমান উদ্দিন, পশ্চিম জোড়কানন ইউনিয়ন বিএনপির সভাপতি শাহাদাত আলী, সাধারণ সম্পাদক জামাল উদ্দিন, পূর্ব জোড়কানন ইউনিয়ন বিএনপির সভাপতি হুমায়ুন খন্দকার, গলিয়ারা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক কামরুল হাসান মজুমদারসহ
ছাত্রদল নেতা নুর মোহাম্মদ মজুমদার, যুবদল নেতা মনির মজুমদার, বাহার মজুমদার, সাজেদুল ইসলাম সজিব, শাহআলম, সোহেলসহ বিভিন্ন পর্যায়ের শ খানেক নেতাকর্মী।
এ সময় উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট আখতার হুসাইন বলেন, “আমাদের প্রিয় নেতা মনিরুল হক চৌধুরীর সবচেয়ে নিবেদিত ও নির্যাতিত নেতাদের একজন আবুল বাশার। বিএনপির দুঃসময়ে তিনি জীবনের ঝুঁকি নিয়ে প্রতিটি মিছিল-মিটিংয়ে সামনের সারিতে থেকে নেতৃত্ব দিয়েছেন। তার মতো একজন নিবেদিতপ্রাণ নেতা ছোটখাটো মান-অভিমানের কারণে দলীয় কর্মকাণ্ড থেকে দূরে থাকবেন—এটা আমাদের কোনো নেতাকর্মী মেনে নিতে পারছে না। তাই আমাদের প্রিয় নেতা মনিরুল হক চৌধুরীর নির্দেশে উপজেলা, ইউনিয়ন ও স্থানীয় নেতাকর্মীদের নিয়ে আমরা আজ বাশারের বাড়িতে এসেছি। সবার অনুরোধে তিনি আবারও সব মান-অভিমান ভুলে আমাদের সঙ্গে ঐক্যবদ্ধভাবে কাজ করবেন।”
উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ওমর ফারুক চৌধুরী বলেন, “আবুল বাশারের পারিবারিক কারণে মান-অভিমানের বিষয়টি ফেসবুক স্ট্যাটাসের মাধ্যমে জানার পর থেকেই আমরা উপজেলা ও স্থানীয় বিএনপির নেতৃবৃন্দ ব্যথিত হয়েছি। তিনি আমাদের দীর্ঘদিনের সহযোদ্ধা ও নিবেদিত নেতা। আমাদের প্রিয় নেতা এবং এই এলাকার অভিভাবক আলহাজ্ব মনিরুল হক চৌধুরীর নির্দেশে আজ আমরা সবাই বাশারের বাড়িতে এসে তাকে দলীয় কর্মকাণ্ডে ফিরে আসার অনুরোধ করেছি। আমাদের অনুরোধে তিনি সাড়া দিয়েছেন এবং সব মান-অভিমানের অবসান ঘটিয়ে আবারও সক্রিয়ভাবে দলের সঙ্গে কাজ করার সম্মতি দিয়েছেন।”
দীর্ঘদিনের এই জনপ্রিয় যুবদল নেতার প্রত্যাবর্তনে স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের মধ্যে উচ্ছ্বাস দেখা দিয়েছে। নেতাকর্মীদের প্রত্যাশা, আবুল বাশারের সক্রিয় অংশগ্রহণে কুমিল্লা সদর দক্ষিণে বিএনপির সাংগঠনিক কর্মকাণ্ড আরও গতিশীল ও শক্তিশালী হবে।
