শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে জামালপুরের সরকারি আশেক মাহমুদ কলেজের মূল ফটকের সঙ্গে লাগানো সীমানা প্রাচীরে শোক ব্যানার ঝুলিয়েছে নিষিদ্ধ সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ কলেজ শাখা। এ ঘটনায় জড়িত মারুফ হাসান জিহান (২০) ও মোহাম্মদ সীমান্ত শেখ (১৯) নামে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের দুইজনকে আটক করেছে পুলিশ। শুক্রবার গভীর রাতে কলেজ চত্বরের মূল ফটকে শোক ব্যানার লাগানো হয়। এ ঘটনায় জড়িত মারুফ হাসান জিহান ও মোহাম্মদ সীমান্ত শেখকে দুপুরের দিকে আটক করে পুলিশ। পরে তাদের আদালতে পাঠানো হয়েছে। আটক জিহান জামালপুর পৌর শহরের পাথালিয়া এলাকার আহসান হাবিবের ছেলে।
তিনি সরকারি আশেক মাহমুদ কলেজ ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদকের দায়িত্বে রয়েছেন। আর সীমান্ত একই এলাকার আব্দুল মমিনের ছেলে। তিনি নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কর্মী বলে জানা গেছে। এ বিষয়ে সরকারি আশেক মাহমুদ কলেজ ছাত্রদলের সদস্য সচিব শাহরিয়ার বায়েজিদ বলেছেন, গভীর রাতে (রাত সাড়ে তিনটার দিকে) গোপনে আওয়ামী লীগ ও ছাত্রলীগের দোসররা কাজটি করেছে।
তবে কলেজে যারা নৈশপ্রহরির দায়িত্ব পালন করেন তাদের গাফিলতি বা অবহেলা রয়েছে। গোপনে সকলের অগোচরে গভীর রাতে ব্যানারটি লাগানো হলেও সকালে দায়িত্বরতরা তা সরিয়ে দেয়নি। এ ঘটনার পর দায়িত্বে থাকা চারজনকে কারণ দর্শানোর নোটিশ করা হয়েছে।
জামালপুর সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) নাজমুস সাকিব বলেন, এ ঘটনার সঙ্গে জড়িত জিহান ও সীমান্তকে আটক করে আদালতে পাঠানো হয়েছে।
