বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম রিতা বলেছেন, আমি যখন মন্ত্রণালয়ে ঢুকলাম, প্রত্যেকটি সেক্টরে গিয়ে দেখলাম সেখানে বিশাল সম্ভাবনা রয়েছে। এটা কোনো লসের প্রজেক্ট নয়। আমরা যদি সততার সঙ্গে কাজ করি, তাহলে বিমান বাংলাদেশের পাশাপাশি পৃথিবীর বুকেও নাম ছড়াবে। আমার চেষ্টা সেখানেই। গত শুক্রবার রাতে মানিকগঞ্জ সদর উপজেলার গিলন্ড এলাকায় মুন্নু ক্যাফেটেরিয়া মিলনায়তনে জেলা চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট ও কস্ট অ্যাকাউন্ট্যান্টদের পক্ষ থেকে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, এই মন্ত্রণালয় অত্যন্ত কঠিন ও জটিল, সততা ও নিষ্ঠার সঙ্গে কাজ করে এসব সমস্যা দূর করার চেষ্টা করছেন তিনি। মন্ত্রী আরও বলেন, আমি সারাজীবন মন্ত্রণালয়ে থাকবো না। তবে আমি চেষ্টা করছি, যাতে সবাই বলতে পারে আপা এসেছিলেন, আপা পরিবর্তনের শুরুটা করে দিয়েছেন। এই কথাটা শুনতে পারলেও আমার ভালো লাগবে। তিনি বলেন, প্রধানমন্ত্রীর দূরদর্শী নেতৃত্বে বর্তমান সরকার এই খাতকে একটি আধুনিক, নিরাপদ এবং বিশ্বমানের পর্যায়ে উন্নীত করতে সংকল্পবদ্ধ।
আজকের এই গতিশীল বিশ্বে একটি দেশের বিমান খাত কেবল ভ্রমণের মাধ্যম নয়, এটি জাতীয় অর্থনীতির মূল চালিকা শক্তি। অনুষ্ঠান আয়োজনে সমন্বয়ে ছিলেন নাভানা লিমিটেডের প্রধান হিসাবরক্ষণ কর্মকর্তা জাহিদুল হক। অনুষ্ঠানে হিসাববিদদের মধ্যে জি. নবী অ্যান্ড কোম্পানির চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট মো. গোলাম নবীর সভাপতিত্বে আরও বক্তব্য দেন এফ সি এ এখলাস উদ্দিন, এফ সি এ ওবায়দুল ইসলাম খান, এফ সি এ মো. কামরুজ্জামান এস এফ আইএল সিকিউরিটিজ লিমিটেডের প্রিন্সিপাল অফিসার মো. মতিউর রহমান, এফ সি এম এ জসীম উদ্দিন প্রমুখ।
