হত্যা মামলার প্রধান আসামি রাব্বীসহ গ্রেপ্তার ২

ফন্ট সাইজ:

ময়মনসিংহ মহানগরীর মাসকান্দা এলাকায় অবস্থিত আঞ্চলিক পাসপোর্ট অফিসের সামনে সংঘটিত চাঞ্চল্যকর ও বর্বরোচিত রাব্বী (২৭) হত্যা মামলার মূলহোতা ও প্রধান আসামিকে ঘটনার ৮ ঘণ্টার মধ্যে গ্রেপ্তার করেছে সিপিএসসি, র‌্যাব-১৪, ময়মনসিংহ। এরই ধারাবাহিকতায় এজাহারভুক্ত অন্যতম সহযোগী পলাতক আসামি সাব্বির হোসেনকে গত ১৪ই আগস্ট ময়মনসিংহ জেলার কোতোয়ালি থানার মধ্য বাড়েরা এলাকায় অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয়। নিহত রাব্বী ময়মনসিংহের কোতোয়ালি থানার মাসকান্দা এলাকার ভুট্টো মিয়ার ছেলে।

গত ১৩ই আগস্ট দুপুরে নিহত রাব্বী ময়মনসিংহ আঞ্চলিক পাসপোর্ট অফিসের সামনে অবস্থান করছিলেন। পূর্ব শত্রুতার জেরে একদল সশস্ত্র সন্ত্রাসী দেশীয় ধারালো অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে তার ওপর অতর্কিত হামলা চালায়। ভুক্তভোগী রাব্বী নিজেকে বাঁচাতে পাশের একটি দোকানে আশ্রয় নিলেও হামলাকারীরা সেখানে ঢুকে তাকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করে। পাশে থাকা ভাই রিয়াদ নিহত রাব্বীকে বাঁচাতে এগিয়ে আসলে তাকেও কুপিয়ে আহত করে। স্থানীয়রা তাকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রাব্বীকে মৃত ঘোষণা করেন।

নিহত রাব্বীর পিতা বাদী হয়ে ময়মনসিংহ কোতোয়ালি থানায় হত্যা মামলা দায়ের করেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃত ২ আসামি হত্যাকাণ্ডের সঙ্গে সরাসরি জড়িত থাকার কথা স্বীকার করেছে। প্রাথমিক তদন্তে জানা যায় যে, পূর্ব শত্রুতার জের ধরেই এই পরিকল্পিত হত্যাকাণ্ড ঘটানো হয়েছে। গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তদন্তকারী কর্মকর্তার নিকট হস্তান্তর করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত বাকি আসামিদের ধরতেও অভিযান অব্যাহত রয়েছে।