ফতুল্লার ইসদাইরে মাদক ব্যবসায়ী রাজ্জাক বাহিনীর সঙ্গে পুলিশের ‘বন্দুকযুদ্ধের’ ঘটনা ঘটেছে। এতে রাজ্জাক বাহিনীর প্রধান রাজ্জাকের ছেলে জসিম (২৬) গুলিবিদ্ধ হয়েছেন। এ ঘটনায় পুলিশের দুই উপ-পরিদর্শকসহ তিন সদস্য আহত হয়েছেন।
শনিবার ফতুল্লা মডেল থানার ইসদাইর নতুন রাস্তা আরবান স্কুলের সামনে এ ঘটনা ঘটে। পরে ঘটনাস্থল থেকে গুলিবিদ্ধ অবস্থায় জসিম ও তার সহযোগী মোহন (২২)কে একটি বিদেশি পিস্তলসহ গ্রেপ্তার করে পুলিশ।
আহত পুলিশ সদস্যরা হলেন- ফতুল্লা মডেল থানার উপ-পরিদর্শক মো. রফিক, উপ-পরিদর্শক নন্দন কুমার সরকার ও পুলিশ কনস্টেবল রাসেদুল ইসলাম। তাদের নারায়ণগঞ্জ শহরের খানপুর হাসপাতালে নেয়া হয়েছে।
পুলিশ জানায়, শনিবার বেলা সোয়া ৩টার দিকে মাদক ব্যবসায়ী রাজ্জাক, তার শ্যালক ইয়াদ আলী ও ছেলে ওয়াসিমের নেতৃত্বে ২০ থেকে ৩০ জনের একটি দল অস্ত্রশস্ত্র নিয়ে চাষাঢ়া রেলস্টেশন থেকে ইসদাইর নতুন রাস্তার দিকে এগিয়ে আসছিল। খবর পেয়ে ফতুল্লা মডেল থানার পরিদর্শক (অপারেশন) আজিজের নেতৃত্বে উপ-পরিদর্শক মো. রফিক (বিপিএম), নন্দন কুমার সরকারসহ পুলিশের একটি দল ঘটনাস্থলে যায়।
পরে পুলিশ ধাওয়া করে গুলিবিদ্ধ অবস্থায় জসিম ও মোহনকে একটি বিদেশি পিস্তলসহ আটক করে।
আহত উপ-পরিদর্শক মো. রফিক জানান, দুপুরে তারা খবর পান রাজ্জাকের নেতৃত্বে তার বাহিনীর সদস্যরা অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে চাষাঢ়া থেকে ইসদাইর নতুন বাজার এলাকার দিকে এগিয়ে আসছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে রেললাইনের উপর থেকে তাদের লক্ষ্য করে পাথর নিক্ষেপের পাশাপাশি গুলি চালানো হয়। পরে পুলিশও পাল্টা গুলি চালায়।
ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহাবুবুর আলম জানান, রাজ্জাক ও তার ছেলে কয়েকদিন আগে জামিনে কারাগার থেকে বের হন।
