হবিগঞ্জের শিল্পাঞ্চলে কয়েকদিনের তীব্র গ্যাস সংকটের পর শনিবার সকাল থেকে ধীরে ধীরে গ্যাস সরবরাহ স্বাভাবিক হতে শুরু করেছে। এতে দীর্ঘদিন উৎপাদন বন্ধ থাকা শিল্পকারখানাগুলোতে ফিরেছে স্বস্তি। কর্মসংস্থান ও উৎপাদন নিয়ে উদ্বেগে থাকা শ্রমিক, উদ্যোক্তা ও ব্যবসায়ীদের মধ্যেও দেখা দিয়েছে আশার সঞ্চার। শিল্পসংশ্লিষ্ট সূত্র জানায়, গত বুধবার বিকাল থেকে গ্যাস সরবরাহে মারাত্মক ঘাটতি দেখা দেয়। এতে মাধবপুর উপজেলার ২৪টি ভারী শিল্পকারখানাসহ হবিগঞ্জের শিল্পাঞ্চলের প্রায় ৮১টি শিল্পপ্রতিষ্ঠানের উৎপাদন কার্যক্রম ব্যাহত হয়। কোনো কোনো কারখানায় গ্যাসের চাপ এতটাই কমে যায় যে, উৎপাদন লাইন সচল রাখা সম্ভব হয়নি।
এ অবস্থায় কয়েকদিন ধরে শিল্পাঞ্চলে এক ধরনের স্থবিরতা বিরাজ করে। গ্যাস সংকট দীর্ঘায়িত হলে প্রায় দেড় লাখ শ্রমিক কর্মহীন হয়ে পড়ার আশঙ্কাও তৈরি হয়েছিল। বিশেষ করে রপ্তানিমুখী কারখানাগুলো নির্ধারিত সময়ে বিদেশি ক্রেতাদের পণ্য সরবরাহ নিয়ে চাপে পড়ে। এতে দেশের বৈদেশিক মুদ্রা অর্জনেও নেতিবাচক প্রভাব পড়ার আশঙ্কা দেখা দেয়। তেলিয়াপাড়ার ফার ইস্ট স্পিনিং মিলের জেনারেল ম্যানেজার সুমন আহমেদ বলেন, শনিবার সকাল থেকেই তারা পূর্ণমাত্রায় গ্যাস পাচ্ছেন। ফলে উৎপাদন কার্যক্রম আবারো স্বাভাবিক গতিতে শুরু হয়েছে। কয়েকদিন চরম সংকটের পর গ্যাসের চাপ স্বাভাবিক হওয়ায় তারা স্বস্তি পেয়েছেন বলেও জানান তিনি।
যমুনা শিল্পকারখানার জেনারেল ম্যানেজার প্রকৌশলী আবুল হোসেন বলেন, শনিবার সকাল থেকে ধীরে ধীরে গ্যাসের চাপ বাড়তে শুরু করেছে। বর্তমানে উৎপাদন কার্যক্রম স্বাভাবিক হচ্ছে এবং শ্রমিকরা নিয়মিত কাজে যোগ দিয়েছেন। স্টার সিরামিকসের প্রশাসনিক কর্মকর্তা সৈয়দ শাহাদাৎ হোসেন মিঠু জানান, সকাল থেকেই গ্যাস সরবরাহ শুরু হয়েছে। এতে কারখানার উৎপাদন সক্ষমতা আগের অবস্থায় ফিরে আসবে বলে আশা করছেন তারা।
শাহজীবাজার জালালাবাদ গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন সিস্টেম লিমিটেডের (জেজিটিডিএসএল) ব্যবস্থাপক মো. খালেদ গণি বলেন, শনিবার সকাল ৮টা থেকে ছোট-বড় ৮১টি শিল্পকারখানায় গ্যাস সরবরাহ শুরু হয়েছে। বর্তমানে গ্যাসের চাপও সন্তোষজনক রয়েছে। পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। হবিগঞ্জ জেজিটিডিএসএলের আঞ্চলিক কার্যালয়ের জেনারেল ম্যানেজার মো. আলী আক্কাছ বলেন, তার অধীনস্থ ১৩টি শিল্পকারখানায় গ্যাস সরবরাহ স্বাভাবিক রয়েছে। জাতীয় গ্রিডে সরবরাহ পরিস্থিতির উন্নতি হওয়ায় শিল্পাঞ্চলেও গ্যাসের প্রবাহ বেড়েছে।
