ভারতের জনপ্রিয় অভিনেত্রী রাশমিকা মান্দানার ব্যস্ততার যেন শেষ নেই। এক সিনেমার কাজ শেষ হওয়ার আগেই শুরু হয়ে যায় অন্য সিনেমার প্রস্তুতি। এর সঙ্গে থাকে নাচ, অ্যাকশন ও নিয়মিত শরীরচর্চা। তবে এবার সেই ব্যস্ত জীবনে সাময়িক ছন্দ পতন ঘটেছে। শুটিংয়ে আঘাত পেয়ে আপাতত ঘরবন্দি সময় কাটাচ্ছেন অভিনেত্রী। ‘মাইসা’ সিনেমার শুটিংয়ে নাচের একটি দৃশ্য করতে গিয়ে পেশিতে চোট পেয়েছেন রাশমিকা। চোটের কারণে আপাতত শুটিং থেকে দূরে রয়েছেন তিনি। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী বিশ্রামেই দিন কাটছে তার। রাশমিকা বলেন, আঘাতটি খুব একটা হালকা নয়। কোমর থেকে পায়ের সঙ্গে যুক্ত একাধিক পেশির মধ্যে একটি জায়গা সরে গেছে।
সেটি আবার আগের অবস্থায় ফিরতে কিছুটা সময় প্রয়োজন। ফলে স্বাভাবিক দৌড়ঝাঁপ কিংবা পা তুলে চলাফেরার মতো সাধারণ কাজও এখন কষ্টকর হয়ে দাঁড়িয়েছে। এই বাধ্যতামূলক বিশ্রামকে অবশ্য শুধু দুর্ভোগ হিসেবে দেখছেন না রাশমিকা। বরং ব্যস্ততার কারণে এতদিন যে সময় নিজের জন্য বের করতে পারেননি, এখন সেটিই উপভোগ করছেন অভিনেত্রী।
বর্তমানে বাড়িতেই কাটছে তার দিন। ঘুম, বই পড়া, পরিবারের সঙ্গে সময় কাটানো এবং পোষ্যের সঙ্গে সময় কাটানো- এভাবেই চলছে রাশমিকার অবসর। এমনকি ব্যস্ততার কারণে আগে দেখা হয়ে ওঠেনি, এমন বিয়ের ছবি ও ভিডিও এখন বসে দেখছেন তিনি। রাশমিকার ভাষ্য, এতদিন তিনি ভেবেছেন সব সময় ব্যস্ত থাকা এবং কাজের মধ্যে ছুটে চলাই স্বাভাবিক। কিন্তু কয়েক সপ্তাহের এই বিশ্রাম তাকে বুঝিয়েছে, জীবনে সব সময় দৌড়ে চলার প্রয়োজন নেই। নিজের শরীর ও মনের জন্যও সময় রাখা জরুরি।
