দেশের অন্যতম নির্মাতা চয়নিকা চৌধুরী নির্মাণে ২৫ বছর পার করছেন। এ উপলক্ষে চারটি নাটক নির্মাণ করছেন তিনি। এরমধ্যে প্রথম যে নাটকটি নির্মাণ করলেন তার নাম ‘জোছনায় ফেরা’। শফিকুর রহমান শান্তনুর গল্পে নাটকটি পরিচালনা করছেন চয়নিকা। অত্যন্ত সুন্দর একটি প্রেমের গল্পে সম্প্রতি নাটকটির শুটিং শেষ হয়েছে। আর তাতে অভিনয় করেছেন ইরফান সাজ্জাদ ও আয়েশা। আরও রয়েছেন দীপা খন্দকার। নাটকটির নামের মতো করেই এর গল্পটি চমৎকার বলে জানালেন ইরফান সাজ্জাদ। তিনি বলেন, চয়নিকা দি’র ২৫ বছরের নির্মাণ উপলক্ষে নাটকটি নির্মিত হয়েছে। এটি আমার জন্যও ভালো লাগার ব্যাপার। আর তার নির্মাণে আলাদা একটি আবেদন সব সময় থাকে। ‘জোছনায় ফেরা’ দারুণ প্রেমের গল্পের একটি নাটক। কাজটি করে ভালো লেগেছে। আমার মনে হয় দর্শকদের কাছে নাটকটি ভালো লাগবে। নাটকটি প্রসঙ্গে আয়েশা খান বলেন, খুব সুন্দর গল্পের নাটক। চয়নিকা দি’র নাটকের গল্প বরাবরই দারুণ রোমান্টিক হয়। তিনি ২৫ বছর পার করছেন
নির্মাণে। এটা একজন নির্মাতার জন্য দারুণ প্রাপ্তি। আর সে উপলক্ষে ‘জোছনায় ফেরা’ নাটকটি করা। ভালো লাগছে এর অংশ হতে পেরে। চয়নিকা চৌধুরী বলেন, নির্মাণের ২৫ বছরে দর্শকদের ভালোবাসাই সবচেয়ে বড় প্রাপ্তি। আর চারটি নাটক নির্মাণের মধ্যদিয়ে যে ২৫ বছর উদ্যাপন করতে পারছি এটা আরও ভালো লাগার ব্যাপার। ইরফান, আয়েশা, দীপা বরাবরের মতোই ‘জোছনায় ফেরা’ নাটকে তাদের সেরাটা দিয়েছে। আমার বিশ্বাস দর্শকদের ভালো লাগবে। জানা গেছে, নাটকটি প্রথমে বৈশাখী টিভিতে প্রচার হবে। পরবর্তীতে প্রকাশ হবে লেজারভিশনের ইউটিউব চ্যানেলে।
