ফাঁকা গুলি ছুড়ে স্বর্ণ-রুপা ও নগদ টাকা লুট, আহত ৩

ফাঁকা গুলি ছুড়ে স্বর্ণ-রুপা ও নগদ টাকা লুট, আহত ৩

ফন্ট সাইজ:

মানিকগঞ্জে ফাঁকা গুলি ছুড়ে এক স্বর্ণ ব্যবসায়ীর কাছ থেকে স্বর্ণ, রুপা ও নগদ টাকা লুটে নিয়েছে দুর্বৃত্তরা। শুক্রবার রাত ১০টার দিকে সদর উপজেলার ভাড়ারিয়া ইউনিয়নের পূর্ব শানবান্দা এলাকায় এ ঘটনা ঘটে। দুর্বৃত্তদের হামলায় স্বর্ণ ব্যবসায়ী, তার ছেলে ও এক প্রতিবেশী আহত হয়েছেন। পুলিশ সূত্রে জানা গেছে, স্বর্ণ ব্যবসায়ী পতিত পবন শীল ও তার ছেলে প্রবীর কুমার শীল দোকান বন্ধ করে বাড়ি ফিরছিলেন। এ সময় ৩ থেকে ৪ জন দুর্বৃত্ত তাদের পথরোধ করে হামলা চালায়। এসময় দুর্বৃত্তরা লোহার রড দিয়ে তাদের আঘাত করে সঙ্গে থাকা স্বর্ণ, রুপা ও নগদ টাকা ছিনিয়ে নেয়।

এসময় শানবান্দা গ্রামের পতিত পবন শীল (৭৩), তার ছেলে প্রবীর কুমার শীল (৩২) এবং একই গ্রামের মনোরঞ্জন পাল (৫০) আহত হন। পিতা-পুত্রের চিৎকার শুনে মনোরঞ্জন পাল এগিয়ে এলে দুর্বৃত্তরা তার ওপরও হামলা চালায়। একপর্যায়ে তারা ফাঁকা গুলি ছুড়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। ছিনতাইকারীরা প্রায় ৫০ থেকে ৬০ ভরি রুপা, দুই আনা স্বর্ণ এবং নগদ ৮৫ হাজার টাকা নিয়ে গেছে। খবর পেয়ে মানিকগঞ্জ সদর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়। পরে ঘটনাস্থল থেকে একটি কার্তুজ উদ্ধার করা হয়। মানিকগঞ্জ সদর থানার উপ-পরিদর্শক (এসআই) সাঈদ হোসেন বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এ ঘটনায় ৩ থেকে ৪ জন জড়িত ছিলেন। তদন্ত করে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে।