কালকিনিতে বোমা বিস্ফোরণে আহত ৫ শিক্ষার্থী, আটক ৪

ফন্ট সাইজ:

মাদারীপুরের কালকিনি পৌর এলাকার গোপালপুর দারুসসুন্নাহ মহিলা মাদ্রাসার পাশে লাল স্কচটেপে প্যাঁচানো বলসদৃশ একটি বস্তু বিস্ফোরণে পাঁচ শিক্ষার্থী আহত হয়েছে। শনিবার সকালে মাদ্রাসার লাগোয়া একটি বাড়ির বারান্দায় এ ঘটনা ঘটে। বিস্ফোরণে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। আহতদের মধ্যে একজনের অবস্থা গুরুতর। তাকে মাদারীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

জানা গেছে, মাদ্রাসা ও বসতবাড়িটি পাশাপাশি। ওই বাড়ির বারান্দায় মাদ্রাসার শিক্ষার্থীরা প্রতিদিন নাশতা করতো। শুক্রবার শিক্ষার্থীরা সেখানে লাল স্কচটেপে প্যাঁচানো বল আকৃতির একটি বস্তু দেখতে পায়। শনিবার সকালে শিক্ষার্থীরা সেটি নাড়াচাড়া করার একপর্যায়ে বিস্ফোরণ ঘটে। এতে পাঁচ শিক্ষার্থী আহত হয়। আহতদের মধ্যে মাদ্রাসার শিক্ষার্থী আবিদা (৮), জান্নাত (৯), মিনহা (১০) ও মাইমুনা (৯) রয়েছে। অপর আহত শিক্ষার্থীর পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। আহতদের উদ্ধার করে কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। পরে গুরুতর আহত একজনকে মাদারীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার ফারিয়া রফিক ভাবনা বলেন, ‘ঘটনার পর পরই আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। স্থানীয়দের সঙ্গে কথা বলেছি।

শিক্ষার্থীদের সঙ্গেও কথা বলেছি। শিক্ষার্থীরা জানিয়েছেন, লাল স্কচটেপে প্যাঁচানো বলসদৃশ একটি বস্তু তারা গতকালও দেখেছিল। সেই বস্তুটি আজকে নাড়াচাড়া করার একপর্যায়ে বিস্ফোরিত হয়। এতে কেঁপে ওঠে এলাকা, আহত হয় শিক্ষার্থীরা। বিষয়টি আমরা খতিয়ে দেখবো। তদন্ত চলমান রয়েছে।’ মাদারীপুরের পুলিশ সুপার হাবিবুর রহমান জানান, বোমাসদৃশ বস্তুটি বসতঘরের সামনে বা বারান্দায় কীভাবে এলো, সেটি আমরা তদন্ত করে দেখছি। কাউকে ফাঁসিয়ে দেয়ার জন্য পরিকল্পিতভাবে এমন ঘটনা ঘটানো হয়েছে কিনা, সেটিও খতিয়ে দেখা হচ্ছে।