চোর সন্দেহে দুই যুবককে মারধর, একজনের মৃত্যু

ফন্ট সাইজ:

জয়পুরহাটের ক্ষেতলালে চোর সন্দেহে দুই যুবককে মারধর ও নির্যাতনের অভিযোগ উঠেছে। এতে লাল বাদশা (১৮) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় মাইদুল (১৮) নামে অপর এক যুবককে আহত অবস্থায় উদ্ধার করেছে পুলিশ। গতকাল সকালে উপজেলার মামুদপুর ইউনিয়নের মহব্বতপুর পদ্মপুকুর এলাকায় মাঠের পাশে দুই যুবককে পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন। পরে ক্ষেতলাল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাল বাদশাকে মৃত এবং মাইদুলকে অচেতন অবস্থায় উদ্ধার করে। মাইদুলকে ক্ষেতলাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়। নিহত লাল বাদশা উপজেলার আলমপুর ইউনিয়নের আলমপুর নলপুকুর আদর্শ গ্রামের জামালের ছেলে।

আহত মাইদুল একই এলাকার ইব্রাহিমের ছেলে। তারা দু’জন বন্ধু বলে স্থানীয় সূত্রে জানা গেছে। আহত মাইদুল পুলিশকে জানিয়েছেন, জামালগঞ্জ চারমাথা এলাকার একটি তেলের পাম্পের কাছ থেকে কয়েকজন তাদের ডেকে একটি বাড়িতে নিয়ে যান। সেখানে তাদের মারধর ও নির্যাতন করা হয়। পরে মাঠের পাশে তাদের ফেলে রাখে। স্থানীয় সূত্র জানায়, নিহত লাল বাদশা শারীরিকভাবে প্রতিবন্ধী ছিলেন এবং তার দৃষ্টিশক্তিও কম ছিল। মাইদুলেরও কিছুটা জ্ঞান-বুদ্ধির সমস্যা রয়েছে। ক্ষেতলাল থানার ওসি মুক্তারুল আলম বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, চোর সন্দেহে তাদের মারধর করা হয়ে থাকতে পারে। ঘটনাটি গুরুত্ব সহকারে তদন্ত করা হচ্ছে। আহত মাইদুলের দেয়া তথ্য ও অন্যান্য বিষয় যাচাই করে জড়িতদের শনাক্তের চেষ্টা চলছে। মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।